=== console.log('header!'); // вставь сюда свой код полностью

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর এলাকায় আবারও পানির মিটার চুরির ঘটনা ঘটেছে। গত ৪ এপ্রিল রাতের অন্ধকারে মঠবাড়িয়া সরকারি কলেজ সংলগ্ন ৭ নম্বর ওয়ার্ডের রাকিব বেকারি রোড এলাকায় একাধিক পানির মিটার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মোজাম্মেল হক পঞ্চায়েত, আব্দুল মজিদ হাওলাদার, আব্দুল কুদ্দুস (ক্যাশিয়ার), আবু হানিফসহ বেশ কয়েকজনের বাসার পানির মিটার রাতের মধ্যে খুলে নিয়ে যায় চোরেরা। এতে ভুক্তভোগী পরিবারগুলো চরম ভোগান্তিতে পড়েছে।
ভুক্তভোগী মোজাম্মেল হক পঞ্চায়েত জানান, “একটি সংঘবদ্ধ চক্র গভীর রাতে পানির মিটার খুলে চুরি করে নিয়ে যায়। আমরা কিছু বুঝে ওঠার আগেই মিটারগুলো উধাও হয়ে যায়।”
এলাকাবাসী জানান, এটি নতুন কোনো ঘটনা নয়। এর আগে একই এলাকায় আঃ মন্নানের সোনামনি ভিলা বাসা থেকেও পানির মিটার চুরি হয়েছিল। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পৌরসভার বিভিন্ন এলাকায় এ ধরনের চুরি করে আসছে বলে অভিযোগ উঠেছে।
চুরির ফলে অনেক বাসায় পানি সরবরাহে বিঘ্ন ঘটছে। কেউ কেউ নিজ খরচে নতুন মিটার বসানোর উদ্যোগ নিলেও অনেক জায়গায় খোলা লাইনের কারণে পানি অপচয় হচ্ছে, যা পৌরসভার জন্যও ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভুক্তভোগীরা দ্রুত চোরচক্র শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা রাতের নিরাপত্তা জোরদার এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com