
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার চ্যালেঞ্জ জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ আপনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত আছে, আসেন, কীভাবে আসবেন। শনিবার বিকেলে রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনাকে উদ্দেশ করে জামায়াত নেতা বলেন, আপনার মন্ত্রী-মিনিস্টারদের মধ্যে দুর্বলতা আছে। ফ্যাসিবাদের দোসরদের আপনি আদালত থেকে জামিন দিচ্ছেন। অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের বাংলাদেশে ঢোকার জন্য ষড়যন্ত্র করছেন। আবার যদি চব্বিশের রক্তাক্ত ইতিহাস সৃষ্টিকারী ফ্যাসিবাদের প্রেতাত্মাকে এই সুযোগ দেওয়া হয়, তবে তা জনগণ মেনে নেবে না।
জুলাই অভ্যুত্থানের রক্তের স্মৃতি দেশের মানুষ এখনো ভোলেনি উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, কিন্তু সেই জুলাই বিপ্লবের সুবিধাভোগী ক্ষমতাসীন বিএনপি তা ভুলে গেছে। তা না হলে সংসদে দাঁড়িয়ে বিএনপির সংসদ সদস্যরা কীভাবে বলেন যে এত জুলাইয়ের বক্তৃতার দরকার কী? অথচ জুলাইয়ের বিপ্লব না হলে তারা সংসদ সদস্য বা মন্ত্রী হতে পারতেন না।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, গণভোটের গণরায় কার্যকরের জন্য সংসদে সংবিধান সংস্কার পরিষদ গঠন করুন। ৮৪টি সংস্কার সম্পন্ন করে তা সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন। অন্যথায় রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক যদি সংসদে নিষ্পত্তি না করা হয়, তবে রাজপথেই তার ফয়সালা হবে। সমাবেশ শেষে মহাখালী থেকে একটি গণমিছিল বের করা হয়, যা তেজগাঁও তিব্বত মোড়ে গিয়ে শেষ হয়।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com