
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মানহানিকর ও উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতি পাওয়া নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি সিলেটে এনসিপির পথসভায় হামলাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। এ নিয়ে সমালোচনার মুখে তিনি পোস্টটি মুছে ফেলে দুঃখ প্রকাশ করলেও ততক্ষণে স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।
এই ঘটনায় গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। এজাহারে অভিযোগ করা হয়, গত ২৯ জুলাই তানভীরের ফেসবুক আইডি থেকে করা ওই পোস্টে প্রধানমন্ত্রীর মানহানি ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, মঙ্গলবার রাতে ঢাকা থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com