
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীর জয় শতভাগ নিশ্চিত বলে মন্তব্য করেছেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ বহাল থাকায় সংসদে দুই-তৃতীয়াংশের বেশি আসন থাকা ক্ষমতাসীন দলের প্রার্থীর রাষ্ট্রপতি পদে জয়ী হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এরপরও রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়া প্রসঙ্গে অলি আহমদ বলেন, বিএনপির প্রার্থীর জয় নিশ্চিত হলেও গণতান্ত্রিক ব্যবস্থায় জয়-পরাজয় বড় বিষয় নয়, বরং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে ১১ দলীয় জোট দেশের অন্যতম বড় একটি জোট। গণতান্ত্রিক পদ্ধতিকে সম্মান প্রদর্শন এবং জনগণের মাঝে এই বার্তা পৌঁছে দিতেই তাদের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে, যাতে কেউ বলতে না পারে যে জোটে কোনো প্রার্থী ছিল না।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। একাধিক প্রার্থী থাকায় আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে নির্ধারিত সময়ে ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী ড. অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে দাখিল করা হয়। একাধিক প্রার্থী থাকায় এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয়, বরং ভোটের মাধ্যমেই দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com