
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করার পর তাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান এবং তার দীর্ঘদিনের সততা, দায়িত্বশীলতা ও নিঃস্বার্থ অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
পোস্টে ফাহাম আব্দুস সালাম লেখেন, গত ২২ বছর ধরে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতায় মির্জা ফখরুলকে একটি যৌথ পরিবারের দায়িত্বশীল ‘বড় ছেলে’র সঙ্গে তুলনা করা যায়, যিনি নিজের সুখ-স্বার্থ বিসর্জন দিয়ে অনুজদের ভালো রাখায় আনন্দ পান। বেগম খালেদা জিয়ার প্রতি তার অতুলনীয় আনুগত্য এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের কথা স্মরণ করে ফাহাম জানান, ৫ আগস্টের পর সিঙ্গাপুরে এক একান্ত আলাপে মির্জা ফখরুল তাকে বলেছিলেন যে, ম্যাডামকে মুক্ত করতে পারা এবং দেশ গণতন্ত্রের পথে ফেরার পর তিনি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট।
রাজনীতিতে মির্জা ফখরুলের মতো অনুগত সহযোদ্ধা পাওয়ার বিষয়ে ফাহাম শঙ্কা প্রকাশ করে লিখেছেন, বাংলাদেশে যেকোনো রাজনৈতিক নেতার জন্য তার মতো একজন ‘সাহাবী’ পাওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয়, তবে তিনি নিশ্চিত নন যে তারেক রহমান এমন কাউকে পাবেন কি না। মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়াকে আনন্দ ও হতাশা— উভয় দিক থেকেই দেখছেন এই গবেষক। তার মতে, জাতির অভিভাবক হিসেবে সঠিক মানুষকেই প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে, তবে বিএনপিতে এমন একজন নেতার বিকল্প খুঁজে পাওয়া কঠিন।
রাজনীতিতে সততা ও ভদ্রতার অনন্য উদাহরণ মির্জা ফখরুল কোনো মারদাঙ্গা রাজনীতি বা ক্ষমতার প্রদর্শনী করেননি উল্লেখ করে ফাহাম পরিশেষে বলেন, রাজনীতিতে সৎ ও ভালো মানুষের স্থান নেই বলে যারা মনে করেন, তারা সম্পূর্ণ ভুল।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com