
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করার পর তাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান এবং তার দীর্ঘদিনের সততা, দায়িত্বশীলতা ও নিঃস্বার্থ ত্যাগের নানা দিক তুলে ধরেন।
পোস্টে ফাহাম আব্দুস সালাম দীর্ঘ ২২ বছর ধরে মির্জা ফখরুলকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তাকে একটি যৌথ পরিবারের দায়িত্বশীল ‘বড় ছেলে’র সঙ্গে তুলনা করেন। তিনি লেখেন, মির্জা ফখরুল নিজের সুখ-স্বার্থ বিসর্জন দিয়ে অনুজদের আনন্দ দেওয়ার মধ্যে তৃপ্তি পান। তার কর্মস্পৃহা এবং ভদ্র আচরণই তার সাফল্যের মূল চাবিকাঠি। ৭ ভাইবোনের জন্য ৬টি চকলেট পেলে নিজে একটাও না নিয়ে সবাইকে দিয়ে তিনি যেভাবে খুশি থাকেন, মির্জা ফখরুল ঠিক তেমনই নিজের দায়িত্ব নিখুঁতভাবে পালন করতে ভালোবাসেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি মির্জা ফখরুলের অতুলনীয় আনুগত্যের কথা স্মরণ করে ফাহাম লেখেন, ৫ আগস্টের পর সিঙ্গাপুরে এক একান্ত কথোপকথনে তিনি বলেছিলেন, ম্যাডামকে মুক্ত করতে পারা এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারার মধ্য দিয়েই তার জীবনের কাজ শেষ হয়েছে এবং তিনি সন্তুষ্ট। বেগম জিয়ার মুক্তি না হওয়াকে তিনি নিজের ব্যর্থতা হিসেবে নিয়ে সবসময় ব্যক্তিগতভাবে কষ্ট পেতেন।
রাজনৈতিক অঙ্গনে এমন একজন অনুগত ও নিবেদিতপ্রাণ সহযোদ্ধা পাওয়ার সৌভাগ্যের কথা উল্লেখ করে ফাহাম স্ট্যাটাসে লেখেন, মির্জা ফখরুলের মতো নেতা পাওয়া যেকোনো দলের জন্যই বড় পাওয়া। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একজন ‘সাহাবি’ বা অনুসারী পাবেন কি না, তা নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন।
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়াকে আনন্দ ও হতাশা— উভয় অনুভূতির সংমিশ্রণ হিসেবে অভিহিত করে ফাহাম বলেন, জাতি হিসেবে অভিভাবক হিসেবে এমন একজন মানুষকেই রাষ্ট্রে প্রয়োজন ছিল, যা সঠিক হয়েছে। তবে বিএনপিতে দল ও দেশের স্বার্থকে নিজের আগে প্রাধান্য দেওয়ার মতো এমন একজন মানুষের বিকল্প বা রিপ্লেসমেন্ট খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হবে। বঙ্গভবনের ঘেরাটোপে তার মতো কর্মচঞ্চল মানুষের দম বন্ধ হয়ে আসতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
রাজনীতিতে মারদাঙ্গা বা অর্থবিত্তের প্রদর্শনী না করেও সাধারণ মানুষ ও ভিন্ন মতাদর্শের কাছে কীভাবে সম্মান ও আস্থা অর্জন করা যায়, মির্জা ফখরুল তার এক অনন্য উদাহরণ উল্লেখ করে ফাহাম তার লেখা শেষ করেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com