
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করার পর তাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। পোস্টে তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান এবং রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একজন বিশ্বস্ত সহযোদ্ধা পাবেন কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে এই পোস্ট দেন তিনি। পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘদিনের সততা, দায়িত্বশীলতা ও নিঃস্বার্থ ত্যাগের বিভিন্ন দিক তুলে ধরা হয়। ফাহাম উল্লেখ করেন, গত ২২ বছরের অভিজ্ঞতা থেকে মির্জা ফখরুলকে একটি যৌথ পরিবারের দায়িত্বশীল ‘বড় ছেলে’র সঙ্গে তুলনা করা যায়, যিনি নিজের সুখ-স্বার্থ বিসর্জন দিয়ে অনুজদের ভালো রাখায় আনন্দ পান। বেগম খালেদা জিয়ার প্রতি তার অতুলনীয় আনুগত্য এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা স্মরণ করে তিনি জানান, ৫ আগস্টের পর সিঙ্গাপুরে এক আলাপে মির্জা ফখরুল তাকে বলেছিলেন যে ম্যাডামকে মুক্ত করতে পারাই তার জীবনের বড় অর্জন এবং তিনি এতে সন্তুষ্ট। ফাহাম আরও লেখেন, মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া তার জন্য যেমন আনন্দের, তেমনি বিএনপিতে তার মতো নিঃস্বার্থ মানুষের বিকল্প পাওয়া কঠিন হওয়ায় এটি হতাশারও। সাধারণ মানুষ থেকে শুরু করে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের কাছেও মির্জা ফখরুলের গ্রহণযোগ্যতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিতে যে সৎ মানুষের স্থান রয়েছে, ফখরুলের জীবন ও সংগ্রাম তারই প্রমাণ।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com