
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করার পর তাকে নিয়ে একটি আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। পোস্টে তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান এবং রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধা বা ‘সাহাবি’ পাবেন কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে ফাহাম আব্দুস সালাম মির্জা ফখরুলের দীর্ঘদিনের সততা, দায়িত্বশীলতা এবং দেশ ও দলের প্রতি নিঃস্বার্থ অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি দীর্ঘ ২২ বছর ধরে তাকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতার কথা উল্লেখ করে মির্জা ফখরুলকে একটি যৌথ পরিবারের দায়িত্বশীল ‘বড় ছেলে’র সঙ্গে তুলনা করেন।
ফাহাম লেখেন, মির্জা ফখরুল এমন একজন মানুষ যিনি নিজের সুখ-স্বার্থ ত্যাগ করে অনুজদের বিলিয়ে দেওয়ার মধ্যেই আনন্দ খুঁজে পান। ব্যক্তিগত জীবনে অলস বসে থাকা তার স্বভাববিরুদ্ধ এবং সুযোগ পেলেই তিনি যেকোনো কাজে নিজেকে নিয়োজিত করতে ভালোবাসেন। তার এই কর্মস্পৃহা ও ভদ্র আচরণই তার সাফল্যের মূল চাবিকাঠি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি তার আনুগত্য ছিল অতুলনীয় এবং বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে তিনি জীবনের মূল দায়িত্ব হিসেবে বেছে নিয়েছিলেন।
৫ আগস্টের পরের একটি স্মৃতিচারণ করে ফাহাম উল্লেখ করেন, সিঙ্গাপুরে একান্ত আলাপে মির্জা ফখরুল তাকে বলেছিলেন যে, তার জীবনের কাজ সম্পন্ন হয়েছে কারণ তিনি ম্যাডামকে মুক্ত করতে পেরেছেন এবং নির্বাচন হলে দেশ গণতন্ত্রে ফিরবে—এতেই তিনি সন্তুষ্ট। ফাহাম মন্তব্য করেন, বাংলাদেশের রাজনীতিতে মির্জা আলমগীরের মতো এমন একজন ‘সাহাবি’ পাওয়া যেকোনো নেতার জন্যই সৌভাগ্যের বিষয়, যিনি সুসময়ে ও দুর্সময়ে প্রথমে নেতার কথা ভাবেন এবং নেতার জন্য সবকিছু করতে প্রস্তুত থাকেন। তবে তিনি নিশ্চিত নন যে তারেক রহমান এমন কোনো সহযোদ্ধা পাবেন কি না।
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া প্রসঙ্গে ফাহাম মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে লেখেন, এই নির্বাচন তার কাছে একই সঙ্গে আনন্দের ও হতাশার। আনন্দের কারণ, জাতি একজন অভিভাবক হিসেবে যাকে দেখতে চায়, তিনিই সেই সঠিক মানুষ। আর হতাশার কারণ হলো, বিএনপিতে এমন একজন মানুষের খুব বেশি প্রয়োজন ছিল যিনি নিজের আগে দল ও দেশের স্বার্থ দেখেন, এবং বঙ্গভবনের ঘেরাটোপে তার মতো কর্মঠ মানুষের দম বন্ধ হয়ে আসতে পারে। তাছাড়া এমন একজন মানুষের বিকল্প বা রিপ্লেসমেন্ট খুঁজে পাওয়াও অত্যন্ত কঠিন।
তিনি আরও বলেন, মির্জা ফখরুল কোনো মারদাঙ্গা রাজনীতি বা অর্থবিত্তের প্রদর্শনী করেন না এবং দলেও তার কোনো আলাদা গ্রুপিং নেই। তা সত্ত্বেও সাধারণ মানুষ থেকে শুরু করে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের কাছেও তার প্রতি গভীর সম্মান ও আস্থা রয়েছে। রাজনীতিতে সততা ও ভালো মানুষের স্থান রয়েছে—মির্জা ফখরুলের জীবন ও সংগ্রাম তারই বড় প্রমাণ বলে উল্লেখ করেন এই লেখক।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com