
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি হিন্দু মন্দিরে নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যার পরিকল্পনার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ঘটনায় হিন্দু-বিদ্বেষী ও বর্ণবাদী মনোভাবের পাশাপাশি ভারতীয় বংশোদ্ভূতদের বিরুদ্ধে সহিংসতার ইঙ্গিত পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন প্রশাসনকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
গত ১১ অক্টোবর ইলিনয়ের প্যালাটাইন এলাকা থেকে ১৯ বছর বয়সী আলেকজান্দ্রোস পাপোরাকিসকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, অঙ্গরাজ্যটির অরোরা এলাকায় অবস্থিত একটি হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা করেছিলেন তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, মন্দিরে নির্বিচারে গুলি চালানোর কথিত পরিকল্পনায় হিন্দু-বিদ্বেষী ও বর্ণবাদী মনোভাবের প্রতিফলন ঘটেছে। পাশাপাশি ভারতীয় বংশোদ্ভূতদের বিরুদ্ধে সহিংসতার ইঙ্গিতও রয়েছে, যা বিশেষভাবে উদ্বেগজনক।
ভারতীয়, ইহুদি ও কৃষ্ণাঙ্গদের লক্ষ্য করার অভিযোগ
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, অভিযুক্ত তরুণ তার সহকর্মীদের কাছে আট পাতার একটি ডিজিটাল নথি পাঠিয়েছিলেন। ওই নথিতে ভারতীয়, ইহুদি ও আফ্রিকান-আমেরিকানদের অবমাননাকর ভাষায় বর্ণনা করার পাশাপাশি এসব জনগোষ্ঠীর যত বেশি সম্ভব মানুষকে হত্যার পরিকল্পনার কথা উল্লেখ ছিল।
প্রাথমিক তদন্তে অভিযুক্তের মধ্যে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মতাদর্শের প্রতি সমর্থনের ইঙ্গিত পাওয়া গেছে। তবে অভিযোগগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে।
যুক্তরাষ্ট্রকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়ে তারা অবগত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বর্ণবাদী বিদ্বেষ ও ভারতবিরোধী মনোভাব নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কথাও তুলে ধরেছে নয়াদিল্লি।
ভারতীয় কর্তৃপক্ষ মার্কিন প্রশাসনকে দেশটিতে বসবাসরত ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে আরো সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিদ্বেষপ্রসূত সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও অনুরোধ করেছে তারা।
ভারতের প্রত্যাশা, মার্কিন কর্তৃপক্ষ ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করবে, দায়ীদের বিচারের আওতায় আনবে এবং ভবিষ্যতে এ ধরনের হামলার পরিকল্পনা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
অভিযুক্তের বিরুদ্ধে হামলার হুমকি দেওয়া এবং বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্যালাটাইন ও মাউন্ট প্রস্পেক্টের পুলিশ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তদন্তকারীদের ধারণা, ১১ অক্টোবরই মন্দিরে হামলা চালানোর পরিকল্পনা ছিল তার।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com