
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন জানিয়েছেন, এখন থেকে মাদকের আস্তানাগুলো বাঁশের লাঠি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিস্ফোরক পোস্টে তিনি এই ঘোষণা দেন। তার এই ঘোষণা প্রকাশের পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ফেসবুক পোস্টে গণমাধ্যমের একাংশের সমালোচনা করে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন লেখেন, কিছু নামকরা গণমাধ্যমের নামকরা আইনজীবী প্যানেল রয়েছে, যারা আইনের ধারা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে সক্ষম এবং তারা সেই চর্চাও করে থাকে। কিন্তু সবকিছু জেনেশুনেও তাদের সংবাদ প্রকাশের ধরণ দেখে মনে হচ্ছে, সেই গণমাধ্যমগুলোর ‘ঘুণ্টিঘরে’ হয়তো মাদকের এক্সক্লুসিভ সাপ্লায়ার বা সরবরাহকারী ছিল। মাদকবিরোধী অভিযানের পর ওই গণমাধ্যমগুলোর আচরণ বন্য পশুর মতো হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।
পোস্টে হুঁশিয়ারি উচ্চারণ করে ইশরাক হোসেন লেখেন, ‘ওয়েট অ্যান্ড সি’। যে মাদকসম্রাট বা আখড়াকারবারিরা এই পেপারগুলোকে অর্থায়ন করে, তাদের সব আস্তানা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। নিজের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে তিনি জানান, তার কাছে বৈধ লাইসেন্স করা অস্ত্র রয়েছে।
মাদকবিরোধী অভিযানের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে প্রতিমন্ত্রী লেখেন, এখন থেকে এই মাদক আস্তানাগুলো বাঁশের লাঠি দিয়ে ধ্বংস করা হবে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এবং ম্যাজিস্ট্রেটের সামনে আসামিদের গ্রেপ্তার করে নিয়ে যাবে। মাদকবিরোধী এই সংগ্রামের ‘১৬ কলা পূর্ণ করা হবে’ বলে ফেসবুক পোস্টে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com