
দেশের রাজনীতিতে পুরোনো ‘ভাগাভাগি করে লুটেপুটে খাওয়ার’ ব্যবস্থার ওপর ভিত্তি করেই বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
বুধবার (২১ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক ‘গোয়েন্দা তথ্য’ সংক্রান্ত বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, 'বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গোয়েন্দা তথ্য আছে দুটি দলের মধ্যে সমঝোতা হয়েছে। এটা স্পষ্ট যে, সেই দুই দল হলো বিএনপি ও আওয়ামী লীগ। আর এই সমঝোতার ভিত্তি হলো ভাগাভাগি করে লুটেপুটে খাওয়ার পুরোনো রাজনৈতিক রূপরেখা।'
তিনি নিজের দাবির পক্ষে বেশ কিছু প্রশ্ন তুলে ধরেন। ডাকসু ভিপি বলেন, 'সহস্র শহীদের রক্তে রঞ্জিত জুলাই সনদ কতটুকু বাস্তবায়ন করেছে বিএনপি? ৭০ শতাংশ মানুষের রাষ্ট্র সংস্কারের পক্ষে দেওয়া গণভোটের রায় কি বিএনপি কার্যকর করেছে? এমনকি জুলাইয়ের গণহত্যাকারীদের বিচারেও বিএনপি কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেনি।'
আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ এনে পোস্টে তিনি আরও লেখেন, 'ময়লার ভাগাড় থেকে শুরু করে মেগাপ্রজেক্টের ব্যবসা আজ আওয়ামী লীগ থেকে বিএনপির কাছে হাতবদল হয়েছে। জেলায় জেলায় বিএনপিতে গণহারে পদায়ন হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। চট্টগ্রামে পূজা উদযাপনের অনুষ্ঠানে তারেক রহমানের অনুষ্ঠান পরিচালনা ও প্রটোকল দিতে দেখা গেছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাদের।'
তারেক রহমানের উদ্দেশ্যে কড়া সমালোচনা করে সাদিক কায়েম লেখেন, 'এখন কেউ যদি বলে ‘আওয়ামী পুনর্বাসন লীগ’-এর সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই, তবে কি খুব ভুল বলা হবে?'
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com