
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, দাবি আদায় না হলে মিছিল নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘেরাও করা হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপি আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গত এক সপ্তাহে এনসিপির নেতাকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে কথা বলেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে বলে লক্ষ্য করা গেছে।
এর ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে মন্তব্য করে তিনি বলেন, যদি পদত্যাগ না করেন, আমাদের মিছিল বড় হবে। আমরা দাবি আদায়ে মিছিল নিয়ে তারেক রহমানকে ঘেরাও করব।
সংবিধান সংস্কারের প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। তার অভিযোগ, দেশ পরিচালনায় তারেক রহমানের কোনো পরিকল্পনা নেই। দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, ডিসেম্বরে পতিত স্বৈরাচার দেশে ফিরবেন বলে আলোচনা রয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, বিএনপি অতীতে নিজেদের নেতাকর্মীদেরই রক্ষা করতে পারেনি, তাই জনগণকে কীভাবে রক্ষা করবে?
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com