
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জনগণের দাবি নিয়ে নেমেছি। কথা দিচ্ছি জনগণের দাবি আদায় করে ছাড়বো।
আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে, গাদ্দারি করছে। সরকার জনগণের কাঁধে স্বৈরাচর চাপিয়ে দিতে চায়। আমরা জনগণের অধিকার আদায় করেই ছাড়বো, ইনশাআল্লাহ।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলনে নেমেছে। যদি জনগণের অধিকার হরণ করা হয়, তাহলে এক দফার ডাক দেওয়া হবে। এ অধিকার আদায়ে এক দফার ডাক আসলে ঢাকার রাজপথে আসার জন্য জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করে জনগণকে লালকার্ড দেখিয়েছে। জনগণ সরকারকে ক্ষমতা থেকে সরাতে লালকার্ড দেখাবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন বলেন, বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে তাদের চেহারা পাল্টে গেছে। ক্ষমতার দম্ভে তারা গণভোটকে অবৈধ বলছে, গণভোট হলে সরকার ও সংসদও অবৈধ।
শরীয়তপুরের জাজিরার নাওডোবার পথসভা শেষে লংমার্চের বহর খুলনার উদ্দেশে যাত্রা করে পথে বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়ে পথসভায় যোগ দেবে। এরপর খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর; যশোরের মুড়লীর মোড়; ঝিনাইদহের বাস টার্মিনালের পথসভায় যোগ দেবে লংমার্চের বহর। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়াও লংমার্চ রুটের বিভিন্ন স্থানের গণজমায়েত স্থলে অনানুষ্ঠানিক বক্তব্য রাখবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দ। রাস্তার দুধারে দাঁড়িয়ে স্থানীয় সংগঠনের ১১ দলের নেতাকর্মীদের দেওয়া অভিবাদন গ্রহণ করবে লংমার্চের বহর।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com