
কক্সবাজারের টেকনাফের পাহাড়ে অভিযান চলাকালে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য তিতাস শেখ নিহতের ঘটনায় রোহিঙ্গা মোহাম্মদকে প্রধান আসামী করে চার দিন পর মামলা দায়ের করা হয়েছে। প্রধান আসামিসহ গ্রেপ্তার রয়েছে ছয়জন। এজাহারে ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৭ জনকে।
আজ সোমবার সকালে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে টেকনাফ থানায় এ মামলার এজাহার দায়ের করেন।
প্রধান আসামী উপজেলার হ্নীলা ইউনিয়নের হ্লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদকে ঘটনার দিনই অভিযানের সময় পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার করা হয়। পরে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত বৃহস্পতিবার টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ও লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহিন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় সেনাসদস্য মো. তিতাস শেখ গুলিবিদ্ধ হন। পরে রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই অভিযানে পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা ৫৬ জনকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। মানবপাচার ও অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে অপর দুইটি মামলা দায়ের করেছে। তিন মামলায় শতাধিক ব্যক্তিকে আসামী করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com