
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ হয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের দাবি, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর সম্ভাবনা নিয়ে এ মতবিরোধ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দখলদার দেশটির গণমাধ্যমটির বরাতে আনাদলু এজেন্সি জানিয়েছে, গত সপ্তাহের শেষ দিকে দুই নেতার মধ্যে ওই ফোনালাপ হয়। এতে মূলত ইরান এবং দেশটির বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করা নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মতপার্থক্য উঠে আসে।
আলোচনার বিষয়ে অবগত সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ফোনালাপটি ছিল অত্যন্ত উত্তপ্ত ও সংঘাতপূর্ণ। একজন সূত্র কথোপকথনটিকে ‘নরকসম চিৎকারের ফোনালাপ’ বলে বর্ণনা করেছেন।
তবে নেতানিয়াহুর কার্যালয় এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ‘ভুয়া খবর, সম্পূর্ণ ভিত্তিহীন।’ ইসরাইলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার দাবি, কথোপকথনটি কঠিন বা উত্তপ্ত ছিল না।
এর আগে সোমবার ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর জন্য ট্রাম্পকে ‘প্রতিদিন’ ফোন করে চাপ দিচ্ছেন নেতানিয়াহু। এ নিয়ে উদ্বিগ্ন আরব ও মুসলিম দেশগুলোর নেতারা। তারা ট্রাম্পকে নতুন সামরিক অভিযান না চালিয়ে কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ উপসাগরীয় মিত্ররা ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চায় না। সংঘাতের অবসানে ইতিবাচক অগ্রগতি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ইরানে নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা বেশ কম।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান তাৎক্ষণিকভাবে আবার শুরু করার প্রয়োজন দেখছে না ওয়াশিংটন। তার মতে, অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জিত হচ্ছে। তবে ইরান মার্কিন নির্ধারিত ‘রেড লাইন’ অতিক্রম করলে জবাব দিতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com