
প্রধানমন্ত্রীর গুলশানের পুরো বাসা সৌরবিদ্যুতে চলে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী এখন কিন্তু গ্রিডে নাই। উনার বাসাতে পুরো সোলার দিয়ে চলে। উনি ব্যাটারি লাগিয়েছেন। সেই ব্যাটারি ব্যাকাপে ২৪ ঘণ্টা উনার বাসায় বিদ্যুৎ জ্বলে।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তারের উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে জবাব দিতে গিয়ে বিদ্যুৎমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের ৩০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে আনার লক্ষ্য রয়েছে। এর অংশ হিসেবে প্রথম পাঁচ বছরে ২০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে উৎপাদনের জন্য ১০ হাজার মেগাওয়াটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এই লক্ষ্য পূরণে সরকার নীতিমালা তৈরি করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর এ-সংক্রান্ত আইন সংসদে আনা হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকার জাতীয় পর্যায়ে দুই দিন সৌরবিদ্যুৎ প্রদর্শনীর আয়োজন করেছে। সেখানে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ঘুরে আগ্রহ দেখিয়েছেন।
পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা শহরেও এ ধরনের প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানান তিনি।
সৌরবিদ্যুৎ স্থাপনে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকারের উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, এ খাতে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে অধ্যাদেশ জারি করা হয়েছে।
অধ্যাদেশ জারির পর দুই মাসের মধ্যে জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হওয়ার তথ্য দেন তিনি। বাড়ির ছাদে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকায় কিনবে বলে জানান তিনি।
তার হিসাবে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ আট টাকা খরচ হতে পারে। ফলে উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে প্রতি ইউনিটে দুই টাকা আয় করতে পারবেন উৎপাদনকারীরা।
তিনি বলেন, বাড়ির মালিকেরা নিজেদের বিদ্যুতের চাহিদা মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে আয় করতে পারবেন। এজন্য সৌরবিদ্যুতের পাশাপাশি ব্যাটারিতে বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থাও রাখা হচ্ছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com