
ফেনী শহরতলির লালপোল এলাকার বেদেপল্লিতে টানা তিন ঘণ্টার মাদকবিরোধী অভিযান চালিয়ে নগদ ১৭ লাখ ৫১ হাজার ৬০০ টাকা, টাকা গণনার মেশিন, ৬০০ পিস ইয়াবা ও ৩০ লিটার চোলাই মদ জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সেখান থেকে ১৪ জনকে আটক করা হলেও প্রতিবারের মতো এবারও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন মাদক কারবারের মূল নিয়ন্ত্রকেরা।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান এবং ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সাজেদ কামালসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অংশ নেন।
ফেনী মডেল থানা পুলিশ সূত্র জানায়, অভিযানে বেদেপল্লি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ, টাকা গণনার যন্ত্র ও মাদকের পাশাপাশি মাদক সেবন ও বিক্রির সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক ১৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে বারবার অভিযান চালিয়েও নেপথ্যের মূল হোতাদের গ্রেপ্তার করতে না পারায় স্থানীয়দের মধ্যে অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, পুরো ফেনীর মানুষ জানে লালপোল বেদেপল্লিতে দীর্ঘদিন ধরে মাদকের কারবার চলে আসছে। এ কারণে সেখানে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ।
ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সাজেদ কামাল বলেন, জব্দ করা মাদক বিক্রির টাকা, মাদক ও বিভিন্ন সরঞ্জামের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আটক ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আদালতে পাঠানো হবে।
মাদক কারবারের মূল নিয়ন্ত্রকদের ধরতে না পারার বিষয়ে তিনি বলেন, পুলিশ বিপুলসংখ্যক সদস্য নিয়ে অভিযানে নামলে তারা আগাম খবর পেয়ে পালিয়ে যান। মূলত সোহেল, তারেক ও শিরিন নামের তিন ব্যক্তি এখান থেকে পুরো মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করেন এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বেদেপল্লি উচ্ছেদের বিষয়ে নিশাত তাবাসসুম আরও জানান, এলাকাটি থেকে অবৈধ বসতি ও মাদক আখড়া উচ্ছেদ করার জন্য জেলা আইনশৃঙ্খলা কমিটির মাধ্যমে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং এ সংক্রান্ত কার্যক্রম চলমান। সেখানে অনেক মানুষের বসবাস থাকায় এক দিনে উচ্ছেদ করা সম্ভব নয়, তবে খুব দ্রুতই উচ্ছেদ অভিযান শুরু হবে। চূড়ান্ত উচ্ছেদ না হওয়া পর্যন্ত পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com