
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ‘প্রত্যাবর্তন’ হওয়ার কোনো সুযোগ নেই, বরং ভারতের সাথে বিদ্যমান চুক্তি অনুযায়ী তার ‘প্রত্যর্পণ’ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, শেখ হাসিনার পাসপোর্ট, ভিসা বা এনআইডি কার্ড চাওয়ার বিষয়টি এখন অত্যন্ত তুচ্ছ এবং অপ্রাসঙ্গিক।
শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার আইনজীবীদের পক্ষ থেকে পাসপোর্ট ও ভিসা চাওয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, আইনগতভাবে ‘প্রত্যাবর্তন’ ও ‘প্রত্যর্পণ’ দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। যার নামে নিজ দেশে কোনো অভিযোগ নেই, তিনি বিদেশে গেলে পাসপোর্ট না থাকলে আবেদন করে স্বেচ্ছায় দেশে ফিরতে পারেন-একে প্রত্যাবর্তন বলে। কিন্তু যার বিরুদ্ধে নিজ দেশে রাষ্ট্রীয় মামলা ও দণ্ড থাকে, তার ক্ষেত্রে দুই দেশের আইনি চুক্তির মাধ্যমে ‘প্রত্যর্পণ’ কার্যকর হয়। ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের নাম উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা আবু সাঈদ, আহনাফ, মুগ্ধ, চট্টগ্রামের ওয়াসিম আকরাম ও ফাইয়াজদের হত্যা করেছেন। সুতরাং তাঁর ভিসা, পাসপোর্ট বা এনআইডি কার্ড চাওয়া সম্পূর্ণ ইমম্যাটেরিয়াল (অপ্রাসঙ্গিক) বিষয়। তাঁর প্রত্যাবর্তন হতে পারে না।
ঐতিহাসিক ৭ নভেম্বরের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, ১৯৭১ সালে ৯ মাস যুদ্ধ করে এ দেশের জনগণ ভৌগোলিক স্বাধীনতা এনেছিল, কিন্তু নাগরিক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হয়েছিল ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে। ৩ নভেম্বর খালেদ মোশাররফ সেনাবাহিনীতে ক্যু করে জিয়াউর রহমানকে সপরিবারে ক্যান্টনমেন্টে বন্দী করেছিলেন। কিন্তু জনগণ ও সাধারণ সৈনিকদের সমর্থন না থাকায় এবং আধিপত্যবাদী শক্তির পুনর্বাসন ও বাকশাল ফিরে আসার আতঙ্কে ৭ নভেম্বর সিপাহী-জনতা রাজপথে নেমে আসে।
তিনি আরও বলেন, ৭ই নভেম্বর ক্ষমতার কেন্দ্রে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রক্ষীবাহিনীর অত্যাচার ও একদলীয় বাকশালী শাসনের অবসান ঘটান। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, বাকস্বাধীনতা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশি-বিদেশি চক্রান্তে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমানকে হত্যার পর হুসেইন মুহম্মদ এরশাদ সামরিক আইন জারি করে গণতন্ত্র হত্যা করেছিলেন। তখন জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে ৯ বছরের আপসহীন সংগ্রামের মাধ্যমে ১৯৯০ সালে গণতন্ত্র পুনরুদ্ধার করেন।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছর ফ্যাসিবাদী দুঃশাসন চালানো হয়েছে। ১৯৭২-৭৫ সালের মতো একই ভাবে। গুম, খুন ও গুপ্তহত্যাকে রাষ্ট্রের চরিত্রে পরিণত করা হয়েছিল। এর বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করতে গিয়ে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী করে খাবারে বিষ মিশিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের কথা উল্লেখ করে রিজভী বলেন, পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে প্রযুক্তির মাধ্যমে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে আন্দোলনকে ত্বরান্বিত করেন। যার ফলে ২০২৪ সালের জুলাইয়ে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রিকশাওয়ালা ও শ্রমজীবী মানুষের আত্মত্যাগে শেখ হাসিনার মতো রক্তপিপাসু দানবের পতন ঘটে। এই মহাবিপ্লবের অন্তর্নিহিত প্রেরণাও ছিল ৭ই নভেম্বর।
রিজভী বলেন, ৭ই নভেম্বর যুগে যুগে গণতন্ত্রকামী মানুষ ও ছাত্রসমাজকে অত্যাচারীর বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জুগিয়েছে। বাংলাদেশে আর কখনো যেন কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্ট শাসকের জন্ম না হয়, সেজন্য অর্জিত এই গণতান্ত্রিক ধারাকে আমাদের বিকশিত করতে হবে।
এ সময় মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com