
মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে হাজির করার ঘটনায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। আদালতে নেওয়ার সময় তাকে ভিআইপি প্রটোকল দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় এ নিয়ে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান তিনি। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ভবিষ্যতে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।
রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
লুনা বলেন, গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। গত বৃহস্পতিবার তাকে জেরার জন্য আদালতে নেওয়ার সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তার অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দভ্রমণে বের হয়েছেন। অন্যদিকে, পুলিশ সদস্যদের আচরণ দেখে মনে হয়েছে, তারা তাকে ভিআইপি প্রটোকল দিচ্ছেন।
তিনি বলেন, এ ধরনের অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তিকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়াই আদালতে নেওয়া হয়েছে। হাতকড়া পরতে অস্বীকৃতি জানানোর পরও তাকে হাতকড়া পরানো হয়নি। বিষয়টি তাকে মর্মাহত করেছে। তার মতো আরও অনেক পরিবার এ ঘটনায় উদ্বিগ্ন ও আতঙ্কিত।
লুনা আইনমন্ত্রীর কাছে জানতে চান, সরকার কি জিয়াউল আহসানের প্রতি বিশেষ মানবিকতা দেখাচ্ছে, নাকি তাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে?
এ সময় স্পিকার বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করায় আইনমন্ত্রী চাইলে এর জবাব দিতে পারেন অথবা এ বিষয়ে নোটিশ চাইতে পারেন।
জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি তার নজরে এসেছে। তবে কোনো আসামিকে আদালতে নেওয়ার বিষয়টি আইনমন্ত্রীর এখতিয়ারভুক্ত নয়। তারপরও বিষয়টি সরকারের নজরে আসার পর পরবর্তী সময়ে তাকে আদালতে নেওয়ার ক্ষেত্রে একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে নেওয়া প্রয়োজন, সেভাবেই নেওয়া হয়েছে। ভবিষ্যতে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে সরকার নিশ্চয়তা দিচ্ছে।
আইনমন্ত্রী বলেন, বিচারপ্রক্রিয়া যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। সরকার কোনো ফরমায়েশি রায় চায় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব আসামিকে হাজির করা হচ্ছে, তাদের বিরুদ্ধে থাকা সব সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র আদালতে উপস্থাপন করা হচ্ছে। ন্যায়বিচারের মানদণ্ড অনুসরণ করেই বিচারকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিগত ১৬ থেকে ১৭ বছরে দেশে সংঘটিত গুম, খুন ও গায়েবি মামলা এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত, পঙ্গু হওয়া কিংবা চোখ, হাতসহ বিভিন্ন অঙ্গ হারানো প্রত্যেকের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার কাজ করবে। সংসদে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আইনমন্ত্রী জানান, স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে জানিয়েছিলেন, গত ১৬ বছরে এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা ও চিফ প্রসিকিউটরের নেতৃত্বে তদন্ত দল পাঠানো হবে।
এ সময় সংসদ সদস্যদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, তদন্ত কর্মকর্তারা বিভিন্ন জেলায় গেলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ, বিডিআর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা কিংবা রাজনৈতিক কর্মীদের ইন্ধন, সহযোগিতা বা প্রশ্রয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে তথ্য দিয়ে তাদের সহযোগিতা করতে হবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com