
নেত্রকোনার বারহাট্টা উপজেলার পরিত্যক্ত অতিথপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা স্টেশনটির প্ল্যাটফর্মে আগুন দেয়। এ সময় তারা ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওতে দেখা যায়, এক যুবক প্ল্যাটফর্মের বিভিন্ন অংশ ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। এ সময় প্ল্যাটফর্মের নিচে আরেক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আগুন দেওয়ার পরপরই দুজনকে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যেতে দেখা যায়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্ল্যাটফর্মের তিনটি পিলারে চটের বস্তায় পেট্রল বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। তবে পিলারগুলো লোহার তৈরি হওয়ায় স্থাপনাটির তেমন কোনো কাঠামোগত ক্ষতি হয়নি।
অগ্নিকাণ্ডের কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের ম্যানেজার জহিরুল ইসলাম।
তিনি বলেন, রেলওয়ের প্রকৌশল বিভাগের ওয়েম্যান ও বারহাট্টা থানা পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী, দুর্বৃত্তরা ছেঁড়া চটের বস্তায় পেট্রল ঢেলে প্ল্যাটফর্মের মেঝে ও পিলারে আগুন দিয়ে ভিডিও ধারণ করে পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা প্ল্যাটফর্মটিতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। রেল যোগাযোগও স্বাভাবিক রয়েছে।
এর আগে নেত্রকোনার বারহাট্টা উপজেলার পাটলী এবং সদর উপজেলার চল্লিশা এলাকায় আরও তিন দফায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com