
চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সামনে সড়কে রাখা হালিশহর থানার একটি সরকারি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক ব্যক্তিকে গাড়িতে উঠে সেটি চালিয়ে নিয়ে যেতে দেখা গেছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইন্সের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের টহল গাড়ি খোদ পুলিশ লাইন্সের সামনে থেকে চুরির ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) তৎপরতা শুরু হয়েছে। চুরি যাওয়া গাড়িটি উদ্ধার এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল নগরীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ এশিয়া পোস্টকে বলেন, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল কেবিন পিকআপ ভ্যান নিয়ে টহল দলের তিন সদস্য বের হয়েছিলেন। তারা গাড়িটি পুলিশ লাইন্সের সামনে রেখে পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। এ সুযোগে এক ব্যক্তি গাড়িতে উঠে সেটি চালিয়ে নিয়ে যান। ঘটনাটি আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। গাড়িটি উদ্ধার ও ওই ব্যক্তিকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল এশিয়া পোস্টকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানানো হবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com