
জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলেন তার মা-বাবা। পরে প্রতিবেশীদের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নেভানো সম্ভব হয়।
বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের মিটারের ঠিক নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন পুরো বাড়িতে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন।
তিনি জানান, ঘটনার সময় তার মা-বাবা বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলেন। পাশের বাড়ির এক নারী আগুন দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নেভানো সম্ভব হয়। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তার মা-বাবা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে রাফি লেখেন, ‘রাত আনুমানিক ৩টায় আমার গ্রামের বাড়ি (নেত্রকোনায়) আওয়ামী সন্ত্রাসীরা আগুন দিয়েছিল। ঘরের কারেন্টের মিটারের ঠিক নিচে পেট্রল ঢেলে আগুন লাগিয়েছে। ভাগ্যক্রমে বাড়ির মানুষজন জেগে যাওয়ায় আল্লাহ আমার আব্বা-আম্মাকে বাঁচিয়েছেন।’
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় পরিবারের সদস্যরা জেগে ওঠায় দুর্বৃত্তরা আর আগুন ছড়াতে পারেনি। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজনও এগিয়ে আসেন। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com