
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ।
শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার সিডনির চুল্লোরায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সভাপতি ও সদস্য, বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা এবং মুসলিম কমিউনিটির নেতারা অংশ নেন। সভাটি আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানানো এবং ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সভাপতি, সদস্য ও উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জানান।
বক্তব্যে তিনি অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী অধিবাসীদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। এ ভূখণ্ডের অতীত ও বর্তমান প্রজন্মের প্রবীণদের সম্মানের সঙ্গে স্মরণ করে তিনি বলেন, একটি ভূখণ্ডের প্রতি ভালোবাসা এবং তার স্মৃতি হৃদয়ে ধারণ করার বিষয়টি বাংলাদেশিরা উপলব্ধি করেন। তাই যারা সবার আগে এই ভূমিতে বসবাস করেছেন, তাদের প্রতি বাংলাদেশের মানুষের গভীর শ্রদ্ধা রয়েছে।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে জামায়াতের আমির বলেন, বিভিন্ন মুসলিম কমিউনিটিকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে সংগঠনটি সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ উদ্যোগের জন্য তিনি কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি আশা প্রকাশ করেন, মুসলিম কমিউনিটির ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলমানরা আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।
এ সময় মুসলিম কমিউনিটির মধ্যে পারস্পরিক ঐক্য, সংহতি ও সম্মিলিত উদ্যোগ বজায় রাখার জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com