
চিকিৎসা সেবা প্রদানে নানা হয়রানি ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেনারেল হাসপাতালে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর থেকে পরিচালিত এ অভিযানে টিকিট কাউন্টারে অতিরিক্ত অর্থ আদায়, চিকিৎসকদের অনুপস্থিতি, রোগীদের চেম্বারে পাঠানোর প্রবণতা, খাবারে অনিয়ম এবং ওষুধ সংরক্ষণে অব্যবস্থাপনার সত্যতা মিলেছে।
দুদক কর্মকর্তারা জানান, হাসপাতালে টিকিট কাউন্টারে নির্ধারিত ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নেওয়ার অভিযোগ ছিল। আরএমও ও ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের উপস্থিতিতে কাউন্টারের টাকা গণনা করে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি অর্থ পাওয়া যায়, যা অভিযোগের সত্যতা প্রমাণ করে। এ ছাড়া কর্মরত অনেক চিকিৎসকের সময়মতো অনুপস্থিত থাকার অভিযোগের আংশিক সত্যতাও পাওয়া গেছে। পাশাপাশি ডেন্টাল ওয়ার্ডের ডেন্টাল সার্জন সহকারীসহ অন্যান্য স্থানে রোগীদের ব্যক্তিগত চেম্বারে পাঠানোর বিষয়ের সত্যতা মিলেছে বলে জানান তিনি।
অভিযানকালে হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করে খাবারের মানেও বড় ধরনের অনিয়ম ধরা পড়ে। আজকের ডায়েট চার্ট অনুযায়ী রোগীপ্রতি ২০০ গ্রাম পাঙ্গাস মাছ দেওয়ার কথা থাকলেও পরিমাপ করে পাওয়া যায় ৮০ গ্রাম। সরবরাহ ও রান্না করা চালের ক্ষেত্রেও অনিয়ম দেখা যায়; ৯৬ টাকা কেজি দরের মিনিকেট চাল সরবরাহের কথা থাকলেও বস্তায় কাজল লতা চাল পাওয়া যায়। এমনকি ওই চাল এবং রান্না করা ভাতের ভেতরে পোকা পাওয়া গেছে বলে জানান কর্মকর্তা।
হাসপাতালের সার্বিক পরিবেশ অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া গেছে। মহিলা মেডিসিন ওয়ার্ডে যেখানে ওষুধ রাখা হয়, সে জায়গাটিও অপরিষ্কার ও অপরিচ্ছন্ন ছিল। অভিযান চলাকালে সেখানে কুকুর বা বিড়াল শুয়ে থাকার দৃশ্যও দেখা যায়।
দুদক ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ জানান, অভিযানে পাওয়া অভিযোগ এবং পরবর্তী সংগৃহীত তথ্য-প্রমাণ ও রেকর্ডপত্র বিশ্লেষণ করে প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com