
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সায়েব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সায়েব আলী আখাউড়ার মোগড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ও মোগড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী।
পুলিশের দাবি, গ্রেপ্তার সায়েব আলী জুলাই আন্দোলন-সংক্রান্ত বিস্ফোরক মামলার আসামি।
এ ঘটনায় এনসিপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার পরপরই রাতে তারা আখাউড়া থানা ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং গ্রেপ্তার সায়েব আলীর মুক্তি দাবি করেন।
অভিযোগ উঠেছে, থানা ফটকে অবস্থানকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা ও ধাওয়া দেন।
কেন্দ্রীয় এনসিপির যুগ্ম সদস্য সচিব মো. আতাউল্লাহ বলেন, সায়েব আলী আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা নন কিংবা দলীয় কোনো পদেও নেই।
বরং ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির লোকজন প্রতিহিংসাবশত এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর এনসিপির আখাউড়া উপজেলা আহ্বায়ক, সদস্য সচিবসহ নেতাকর্মীরা থানা ফটকে অবস্থান নিয়েছিলেন। এ সময় পুলিশ সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। তখন স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করেন।
যদিও বিএনপির পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এ বিষয়ে আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু বলেন, এনসিপির পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার যে অভিযোগ আনা হচ্ছে, তা মিথ্যা। বরং বিস্ফোরক মামলায় একজনকে গ্রেপ্তারের ঘটনায় এনসিপির নেতাকর্মীরা থানা ফটকে অস্থিরতা সৃষ্টি করছিলেন। এ নিয়ে পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছিল। সে সময় কয়েকজন বিএনপি নেতাকর্মী তাদের মধ্যে বিষয়টি সুরাহা করে দেন।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, জুলাই আন্দোলনের বিস্ফোরক মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে সায়েব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এটি ২০২৪ সালের মামলা। খবর পেয়ে এনসিপির নেতাকর্মীরা থানা ফটকে এসেছিলেন। সেখানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের কিছু সমস্যা হয়েছে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com