
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচার ও সংস্কার প্রক্রিয়া এবং আঞ্চলিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ঐক্য গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের কাছে তাদের দলের অবস্থান ও আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন। তিনি জানান, শুধু নির্বাচনকেন্দ্রিক বা সাময়িক সমাধান নয়; বরং সংস্কার, ন্যায়বিচার ও জাতীয় সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে দীর্ঘমেয়াদি কৌশলগত রোডম্যাপ এবং একটি অভিন্ন ‘জাতীয় পররাষ্ট্রনীতি’ প্রণয়নের প্রস্তাব দিয়েছে এনসিপি।
নাহিদ ইসলাম বলেন, গত নির্বাচন-পরবর্তী সাত-আট মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতির কারণে সাধারণ মানুষের পাশাপাশি সরকারি দল, বিরোধী দল এবং জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব ঝুঁকির মুখে পড়ছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এনসিপি আহ্বায়কের ভাষ্যমতে, পরিস্থিতি মোকাবিলায় সরকারপ্রধানের পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী ও জুলাই গণ-অভ্যুত্থানের শক্তির মধ্যে রাজনৈতিক ঐক্যের আহ্বান জানানো হয়েছে।
নাহিদ ইসলাম মনে করেন, বিচারিক প্রক্রিয়ায় আপসকামিতা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্পষ্ট না করার কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে।
তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে টেকসই করা না গেলে জনগণের আস্থা অর্জন ও অর্থনৈতিক বিনিয়োগ নিশ্চিত করা সম্ভব নয়। তাই সংস্কার, বিচার ও জাতীয় সার্বভৌমত্ব—এই তিনটি ভিত্তিকে অগ্রাধিকার দিয়ে জাতীয় ঐক্য গড়তে হবে।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব ও দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে সংস্কার প্রক্রিয়া ও গণরায় বাস্তবায়নে বাধা সৃষ্টিকারী একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায়ের ভিত্তিতে ‘জুলাই সনদ’ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা।
পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানো, জেলা পর্যায়ে জুলাই গণহত্যার মামলাগুলোর দ্রুত তদন্ত শেষ করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল নিশ্চিত করা এবং জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের রাজনৈতিক ও প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে স্পষ্ট নির্দেশনা দেওয়ার দাবি জানিয়েছে দলটি।
এ ছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়ন আলোচনায় ভারতের কাছে কঠোর বার্তা দিয়ে পানির ন্যায্য হিস্যা আদায়ে আপসহীন থাকা এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়ায় রায় কার্যকর করার দাবিও জানানো হয়েছে।
বৈঠকে সীমান্ত পরিস্থিতি ও ভূরাজনৈতিক সংকট নিয়েও আলোচনা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তার মতে, বর্তমান সংকট আর কেবল দলীয় প্রতিদ্বন্দ্বিতায় সীমাবদ্ধ নেই; বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় সংগ্রামে রূপ নিয়েছে। তিনি অভিযোগ করেন, ভারত তার ভূখণ্ড এবং এ দেশীয় স্বার্থান্বেষী মহলকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।
সীমান্ত এলাকায় বিজেপি ও পলাতক আওয়ামী লীগ নেতাদের যৌথ সমাবেশ থেকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে নাহিদ ইসলাম বিশ্বমঞ্চে এর প্রকৃত জবাব তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আসাম, দিল্লি ও পশ্চিমবঙ্গে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ টেনে দাবি করেন, বাংলাদেশে আওয়ামী লীগের শাসনামলেই হিন্দু সম্প্রদায়ের ওপর বেশি নির্যাতন ও সম্পত্তি দখলের ঘটনা ঘটেছে।
অভ্যন্তরীণ সংকট ও আন্তর্জাতিক অপপ্রচার মোকাবিলায় কেবল রাজনৈতিক দল নয়, বরং আলেম-ওলামা, সুফি সাধক ও মাজার প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, সুশীল সমাজ এবং হিন্দু সম্প্রদায়সহ সব সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সরকারকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে এনসিপি।
নাহিদ ইসলাম আরও বলেন, অতীতের দলীয় পররাষ্ট্রনীতি বাদ দিয়ে সর্বসম্মত একটি ‘জাতীয় পররাষ্ট্রনীতি’ তৈরি করতে হবে। কারণ, এই চ্যালেঞ্জ সাময়িক বা ‘ডিসেম্বর-কেন্দ্রিক’ নয়; বরং স্বাধীনতা, অর্থনৈতিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘমেয়াদি কৌশলগত রোডম্যাপ নিয়ে রাষ্ট্র পরিচালনা করা জরুরি।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com