
মুন্সীগঞ্জের সদরের মোল্লাকান্দি আধিপত্য বিস্তারিতকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে মো. সেলিম নামে এক মিশুকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহত সেলিম চরডুমুরিয়া গ্রামের বাসিন্দা। পরিবারের দাবি, জীবিকার তাগিদে মিশুক নিয়ে বের হলে দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে চরডুমুরিয়া, সামারচর এলাকায় রহিম মোল্লা গ্রুপ ও আওলাদ মোল্লা গ্রুপের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে।
আওলাদ মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও রহিম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তারা দুই জনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গত সপ্তাহেও সংঘর্ষ জড়ায় দুই পক্ষ। এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বৃহস্পতিবার আবারও সংঘাতের ঘটনা ঘটে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে চরডুমুরিয়া-সামারচরসহ আশপাশের এলাকায়। সেখান থেকে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া যায়। এ ঘটনায় গুরুতর অবস্থায় কয়েকজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেলিম নামের একজনকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ থানার ওসি তছলিম উদ্দিন জানান, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনা। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একজন নিহত হয়েছে। তার লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com