
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশে শ্রমিকদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমান। তিনি দেশে ফিরে নতুন কোনো কলকারখানা গড়ে তোলেননি। বরং ব্যক্তি মালিকানাধীন শিল্পকারখানা জাতীয়করণের পর সেগুলোতে লুটপাট শুরু হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি।
শাহজাহান চৌধুরী বলেন, পাকিস্তান আমলে চট্টগ্রাম, খুলনা, তেজগাঁও ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় অনেক শিল্পকারখানা গড়ে উঠেছিল। সেখানে লাখ লাখ শ্রমিক কাজ করতেন। ১৯৭১ সালে শ্রমিকেরাও রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন। কিন্তু স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের সরকার ব্যক্তি মালিকানাধীন শিল্পকারখানা জাতীয়করণ করে। এরপর দেশের শিল্পকারখানাগুলোতে লুটপাট শুরু হয়।
তিনি বলেন, ১৯৭৪, ১৯৭৫ এবং ১৯৯৪ সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশে যত শিল্পকারখানা লুট করেছেন, সেগুলোর একটি শ্বেতপত্র প্রকাশের জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। কারা এসব শিল্পকারখানা লুট করেছেন, তাদের তালিকাও জনগণের সামনে প্রকাশ করতে হবে।
আগামী দিনের রাজনৈতিক পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশপ্রেমিক রাজনৈতিক দল ও ইসলামী আন্দোলনের নেতৃত্বে আগামী দিনে আরেকটি বিপ্লবের অপেক্ষায় থাকতে হবে। এ জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে।
শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর পরিকল্পনার কথা তুলে ধরে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান শ্রমিক ও বেকার যুবকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। নির্বাচনি ইশতেহারে বেকার যুবকদের বিনা সুদে, দলিল ও বন্ধক ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দেওয়ার ব্যবস্থা করার ঘোষণা দেওয়া হয়েছে। তার মতে, জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায় এবং তাদের সমস্যার সমাধান সম্ভব।
শ্রমিক সংগঠনকে আরও বিস্তৃত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামে পোশাকশিল্প, নির্মাণশিল্পসহ বিভিন্ন খাতে বিপুলসংখ্যক শ্রমিক রয়েছেন। কিন্তু তাদের কতজনকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সঙ্গে যুক্ত করা সম্ভব হয়েছে, তা ভাবতে হবে। শুধু বড় সম্মেলন ও জনসভা করলেই হবে না, শ্রমিকদের কাছে পৌঁছাতে হবে।
শাহজাহান চৌধুরী বলেন, আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন থেকে শপথ নিতে হবে, চট্টগ্রামের সর্বস্তরের মিল-কারখানা ও শ্রমিকদের কাছে শ্রমিক কল্যাণের দাওয়াত পৌঁছে দেব। আগামী দিনের বিপ্লবের জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ করব। ফেডারেশনের পতাকাতলে চট্টগ্রামের সব শ্রমিককে সংগঠিত করব।
জামায়াতে ইসলামীর ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, দলটির ইতিহাস জানতে হলে ১০০ বছরের ইতিহাস জানতে হবে। ১৯৪১ সালে প্রতিষ্ঠার আগেও ১৯২৭ সাল থেকে উপমহাদেশে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার বিষয়ে প্রচার ও উদ্যোগ ছিল বলে তিনি দাবি করেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com