
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ইটভাটার নিয়ন্ত্রণ, মাটি সরবরাহ ও কমিশন বাণিজ্যকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসময় সংঘর্ষে ব্যবহৃত শতাধিক টেঁটা উদ্ধার করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
সকাল থেকে দুপুর পর্যন্ত আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় কয়েক দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া, গোলাগুলি ও টেঁটাযুদ্ধ। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের মধ্যে কয়েকজন টেঁটাবিদ্ধ হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে।
স্থানীয়রা জানায়, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হাজী সামাদ আলী ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের ইটভাটাগুলোতে মাটি ও শ্রমিক সরবরাহ, ভাটার বিভিন্ন কার্যক্রমের নিয়ন্ত্রণ এবং এসব খাত থেকে কমিশন আদায় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত। সেই বিরোধই শুক্রবার প্রকাশ্য সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও গুলির ঘটনা ঘটে। টেঁটার আঘাতেও বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে যায় পুলিশ। একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এদিকে সংঘর্ষের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার ও পাঁচজনকে আটক করা হয়েছে। বর্তমানে অভিযান চলমান রয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com