
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। তিনি জানান, পাঁচ দিনের রিমান্ড শেষে বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান আদালতে দাখিল করা আবেদনে জানান, গত ১৯ নভেম্বর রুহুল আমিনকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আট কার্যদিবসের মধ্যে রিমান্ড কার্যকর করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী, গত ২৩ নভেম্বর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি হেফাজতে নেওয়া হয়। এর আগে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক জিজ্ঞাসাবাদের জন্য শারীরিকভাবে সুস্থ বলে জানান।
তবে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রুহুল আমিন বুকে সামান্য ব্যথা অনুভব করেন। পরে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাকে আবার পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠান।
সিআইডির আবেদনে বলা হয়, গত ২৬ নভেম্বর রুহুল আমিনকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার (২৭ নভেম্বর) তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এ-সংক্রান্ত চিকিৎসা সনদের সাত পৃষ্ঠার অনুলিপিও আদালতে জমা দেওয়া হয়েছে।
তদন্ত কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদে রুহুল আমিন জানিয়েছেন, ঘটনার দিন তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উপস্থিত ছিলেন এবং তার সামনেই মামলার ঘটনা ঘটে। এ ছাড়া মামলার বিষয়ে তিনি আরও কিছু তথ্য দিয়েছেন। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
মামলার এজাহারে ৫৪ জনের নাম উল্লেখ রয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। তাদের নাম, স্থায়ী ঠিকানাসহ অন্যান্য তথ্য সংগ্রহের কাজ চলছে বলে আদালতকে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
মামলার তদন্ত এখনো শেষ না হওয়ায় তদন্তের স্বার্থে রুহুল আমিনকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করেন তিনি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭, ১১৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com