
বিদেশে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে আনার খরচের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদন পেলে এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, লন্ডন, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে তাঁর মরদেহ দেশে আনার খরচের অর্ধেক বহন করার পরিকল্পনা রয়েছে সরকারের। মন্ত্রিসভায় অনুমোদন পেলে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষায় অনুপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত দেখিয়ে পাঠানোর অভিযোগের বিষয়েও সতর্ক করেন মন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর সময় কোনো রিক্রুটিং এজেন্সি অনুপযুক্ত ব্যক্তিকে ‘ফিট’ দেখিয়ে পাঠালে এবং তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করা হতে পারে।
প্রবাসীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান আরিফুল হক চৌধুরী।
সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত ওই অনুষ্ঠানে মন্ত্রী স্থানীয় পর্যটনকেন্দ্রগুলো ঘিরে কর্মসংস্থানের সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি প্রবাসীদের আইনি সহায়তা নিশ্চিত করতে ল’ফার্ম নিয়োগের মাধ্যমে সহযোগিতার উদ্যোগের কথাও জানান তিনি।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com