
সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিকের দক্ষিণ সুরমার তেতলীস্থ বাসায় পেট্রোল বোমা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বললেন, আমি মারা গেলে কিংবা গুম হলে আওয়ামী লীগের কারণে হবো।
আজ শনিবার (২৮ নভেম্বর) বাড়িতে হামলার ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের এম এ মালিক বলেন, এমপি হিসেবে তাদের (আ.লীগের) মূল টার্গেট আমাকে হত্যা করা। কিন্তু আমরা বাঁচার মতো বাঁচতে চাই এবং গণতান্ত্রিক উপায়ে লড়াই চালিয়ে যেতে চাই।
বাসায় পেট্রোল বোমা হামলার বর্ণনা দিয়ে তিনি বলেন, বাইরে থেকে এসে ঘুমাতে যাওয়ার পর রাত আনুমানিক পৌনে ৩টা থেকে ৩টার মধ্যে বিকট শব্দ শুনতে পান। পরে তার নিরাপত্তাকর্মীরা বাইরে গিয়ে দেখতে পান, একটি পিকআপ থেকে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বাড়িতে অগ্নিনির্বাপণ যন্ত্র থাকায় নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এমপি মালেক বলেন, ‘আল্লাহর রহমতে কয়েক মিনিটের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়েছে। তা না হলে পুরো বাড়ি শেষ হয়ে যেত। তবে এটি একটি বড় মানসিক ক্ষতি। এই বাড়িতে কেউ থাকতেও রাতে ভয় পাবে। আমার স্ত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ছেলেও রাতে বাইরে গেছে। এটি আমাদের জন্য মানসিক অশান্তি ও জীবনের ঝুঁকির বিষয়।হামলার জন্য আ.লীগকে দায়ী করে তিনি অভিযোগ করেন, অতীতেও তার নির্মিত বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবারও আওয়ামী লীগের পক্ষ থেকে উস্কানি ও অর্থায়নে বিভিন্ন এলাকার লোকজনকে নিয়ে হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, সংসদ সদস্য হওয়ার পর আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেন মানবাধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে তিনি সতর্ক থেকেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কখনো আওয়ামী লীগের কাউকে হয়রানি করার নির্দেশ দেননি বলেও দাবি করেন তিনি।
নিজের ওপর অতীতের হামলার প্রসঙ্গ টেনে এম. এ. মালেক বলেন, লন্ডনসহ ইউরোপের বিভিন্ন দেশে তার ওপর একাধিকবার হামলা হয়েছে। এমনকি রাশিয়ান ভাড়াটে খুনির মাধ্যমেও তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশে আসার পর গ্রামের বাড়িতে একজন ভারতীয় ব্যক্তি নিরাপত্তাকর্মীদের সঙ্গে ঢুকে পড়েছিলেন বলেও দাবি করেন এই সংসদ সদস্য।ভারতের গোয়েন্দা সংস্থা এবং লন্ডন থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করে এমএ মালিক বলেন, ‘দিল্লি থেকে ‘বুবুজান’ ও নরেন্দ্র মোদির ‘র’ এর একটি প্ল্যান রয়েছে। খোদা না করুন, আমি যদি কোনো কারণে মারা যাই বা গুম হই, তবে তাদের কারণেই হবো। ভারতের দায়িত্বশীল নেতারা সিলেট দখলের হুমকি ও বক্তব্য দিচ্ছে, কিন্তু আমরাও সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। এ দেশ আমাদের। আমরা লড়াই করে এই স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। এই দেশ মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা ও ভাষা সৈনিকদের দেশ। আমরা তাদের সন্তান এবং বুকের তাজা রক্ত দিয়ে হলেও দেশের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করব। তারেক রহমান সাহেবের দর্শন ‘সবার আগে বাংলাদেশ’ এবং ‘সবার জন্য বাংলাদেশ’- আমরা এই ফিলোসফিতে বিশ্বাস করি।’
তিনি আরও বলেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও সিলেট সিটি করপোরেশনের ছয়টি ওয়ার্ডের নেতাকর্মীরা এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল ভূমিকা রাখেননি। আওয়ামী লীগের নেতাকর্মীদেরও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অন্যের বাড়িতে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
এর আগে শনিবার ভোররাতে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিকের দক্ষিণ সুরমার তেতলীস্থ বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে নিরাপত্তা কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এসময় এমপি মালিক ও তার স্ত্রী বাড়িতে অবস্থান করছিলেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com