
চোখের জলে বুক ভাসিয়ে কারা ফটকে আনা হলো সন্তানের নিথর দেহ। বন্দি মায়ের শেষ ইচ্ছা পূরণে কারা কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থায় মৃত সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পেলেন তিনি। মা-সন্তানের এমন হৃদয়বিদারক শেষ সাক্ষাতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় কারাগার প্রাঙ্গণে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় মহিলা কারাগারের ফটকে নিয়ে আসা হয় নিসর্গ হোসেন তুর্যের (১৫) মরদেহ।
পরিবার ও কারাগার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এরপর থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন। এরই মধ্যে শুক্রবার রাতে আকস্মিক মৃত্যু হয় তার বড় ছেলে নিসর্গ হোসেন তুর্যের। সন্তানের মৃত্যুর খবর শুনে কারাগারের ভেতরে ভেঙে পড়েন মা শর্মী।
পরিবারের পক্ষ থেকে মায়ের সঙ্গে সন্তানের শেষ দেখা করানোর আবেদন জানানো হলে মানবিক বিবেচনায় তা মঞ্জুর করে কারা কর্তৃপক্ষ।
পরিবার সূত্রে জানা যায়, তুর্য শারীরিকভাবে অসুস্থ ছিল। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সে শৌচাগারে যায়।
দীর্ঘ সময় পার হলেও বের না হওয়ায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় শৌচাগারের ভেতরে তুর্যকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা।
পরে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ কাশিমপুর মহিলা কারাগারের ফটকে নিয়ে আসা হয়। নির্ধারিত নিয়ম ও নিরাপত্তাব্যবস্থা মেনে সেখানে বন্দি মাকে সন্তানের মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়। এ সময় মা-সন্তানের শেষ সাক্ষাতের দৃশ্য দেখে উপস্থিত স্বজন ও দায়িত্বপ্রাপ্ত অনেকের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে।
শেষবারের মতো সন্তানকে দেখার পর দাফনের উদ্দেশ্যে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে, সন্তানকে শেষবারের মতো দেখে আবারও কারাগারের ভেতরে ফিরে যেতে হয় বন্দি মা শারমিন সুলতানা শর্মীকে।
এ বিষয়ে কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মোহাম্মদ মাসুদ হাসান জুয়েল জানান, মহিলা বন্ধির বাচ্চা মারা গিয়েছে, বাচ্চার লাশ দেখানোর জন্য জেল গেইটে নিয়ে আসা হয়েছিল। মানবিক দিক থেকে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলেও জানান তিনি।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com