
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে আজ থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। যা চলবে আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) পর্যন্ত।
নির্বাচন কমিশন জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত রাজনৈতিক দলকে ইতোমধ্যে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। এর অংশ হিসেবে ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে আজ। নির্বাচন কমিশনের নিজস্ব পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এই মতবিনিময় সভা সরাসরি সম্প্রচার করা হবে।
এর আগে, শনিবার ইসির জনসংযোগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ইসি সূত্রে জানা যায়, তিন দিনে মোট ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বসার কথা রয়েছে কমিশনের। বর্তমানে নিবন্ধিত দল রয়েছে ৫৯টি। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। পাশাপাশি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপের বাইরে রাখা হয়েছে।
সূচি অনুযায়ী, দ্বিতীয় দিন সোমবার (৩০ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসসহ ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর শেষ দিন মঙ্গলবার (১ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ ১৮টি দলের সঙ্গে সংলাপ করবে ইসি।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com