
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের বাসভবনের সামনে ও বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রক্টরকে উদ্দেশ করে হুমকিমূলক পোস্ট দিয়েছেন নিষিদ্ধঘোষিত রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব।
শনিবার (২৯ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে রাজশাহী নগরীর অক্ট্রয় মোড় থেকে প্রায় ২০০ গজ ভেতরে অবস্থিত প্রক্টরের বাসভবনের নিচে এ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একই রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ফটকেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং উভয় ঘটনার ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামনে এসেছে।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান জানান, গতকাল রাতে তার বাসভবনের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও ধারণ করে এবং পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনার সময় তিনি বাসায় না থাকলেও তার পরিবারের সদস্যরা বিস্ফোরণের বিকট শব্দ শুনেছেন এবং ভিডিও ধারণের বিষয়টিও জানতে পেরেছেন।
প্রক্টর আরও বলেন, ঘটনার পরপরই পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। তবে এ ধরনের নাশকতা প্রতিরোধে শুধু একটি থানার উদ্যোগ যথেষ্ট নয়; রাতে মোটরসাইকেল চলাচল ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়াতে সমন্বিত পুলিশি উদ্যোগ প্রয়োজন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রক্টরকে উদ্দেশ করে হুমকিমূলক পোস্ট দেন নিষিদ্ধঘোষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব। পোস্টে তিনি লেখেন, ‘মাননীয় প্রক্টর, আমাদের আপাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করার দুঃসাহস আপনি কোথায় পান? আপনার কথাবার্তা ও আচরণ শুনে অন্তত একজন শিক্ষকের পরিণত ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় না; বরং মনে হয়, কোনো ওয়ার্ড পর্যায়ের পাতি নেতা বক্তব্য দিচ্ছেন। নেত্রীকে নিয়ে আর কোনো কুরুচিপূর্ণ মন্তব্য করার আগে নিজের অবস্থান ও দায়িত্ব সম্পর্কে সচেতন হোন, তা না হলে এবার আপনার মাথার ওপর পড়বে। মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনাদের বিদায়ের ঘণ্টা ইতোমধ্যেই বেজে গেছে। এবার বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
এ বিষয়ে মতিহার থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটক করতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com