
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা ফেরানোর প্রক্রিয়ায় আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকবে। সরকার এখন অর্থনীতি পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছে। প্রতিদিনই জ্বালানি ও গ্যাস আমদানিতে বাড়তি আর্থিক চাপ সামলাতে হচ্ছে। আন্তর্জাতিক বাজার থেকে দ্বিগুণ ও তিন গুণ দামে তেল-গ্যাস কিনতে হচ্ছে। এতে সরকারের কোষাগারে বড় ধরনের চাপ তৈরি হচ্ছে। এই বাস্তবতায় আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকার বিষয়টি মেনে নিতে হবে। তবে সরকারের প্রথম লক্ষ্য অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে সাধারণ অর্থনীতি বিভাগের উদ্যোগে ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন।
অর্থমন্ত্রী বলেন, ‘জ্বালানি ও গ্যাসের বাড়তি দামের প্রভাব সারসহ বিভিন্ন পণ্যের ওপর পড়ছে। ফলে আমদানিজনিত মূল্যস্ফীতি তৈরি হচ্ছে, যার ওপর সরকারের নিয়ন্ত্রণ সীমিত। তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের কিছু পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। কর কমানোসহ বিভিন্ন উদ্যোগের ফলে খাদ্য মূল্যস্ফীতি ৬ দশমিক ৪ থেকে ৬ দশমিক ৫ শতাংশে নেমেছে। এই হার নিয়েও সরকার সন্তুষ্ট নয়, আরও কমাতে হবে।’
তিনি বলেন, ‘জনগণের কাছে প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। কোনো সূচক কম থাকলে তা স্বীকার করে এর কারণ এবং পরিস্থিতি সংশোধনে সরকারের পদক্ষেপ ব্যাখ্যা করতে হবে। ভুল পরিসংখ্যান দিয়ে পরিস্থিতি ভালো দেখানোর চেষ্টা করলে সরকারই বেশি ক্ষতিগ্রস্ত হবে। সরকারের নেওয়া নীতিগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে, কোনো কিছু অনির্দিষ্ট সময়ের জন্য ফেলে রাখা যাবে না।’
ব্যাংক খাতের সংকট প্রসঙ্গে আমির খসরু বলেন, এ খাতে বিপুল দায় তৈরি হয়েছে, যা রাতারাতি বা কয়েক মাসে কাটিয়ে ওঠা সম্ভব নয়। ধীরে ধীরে এই সংকট থেকে বের হতে হবে। সরকারের প্রথম লক্ষ্য আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। ব্যাংকে জমা রাখা টাকা সুদসহ ফেরত পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং কোনো ধরনের কর্তন করা হবে না। আমানতকারীদের আশ্বস্ত করার পর ব্যাংকে নিট আমানত বাড়ছে, যা ইতিবাচক।
পুঁজিবাজার প্রসঙ্গে তিনি বলেন, ‘অতীতে পুঁজিবাজার কার্যত ক্যাসিনোতে পরিণত হয়েছিল। বাজার সংস্কারের অংশ হিসেবে স্বাধীন ও অরাজনৈতিক কমিশন গঠন করা হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা আবারও বাজারে ফিরছেন এবং সূচক ঊর্ধ্বমুখী হচ্ছে। তবে বাজারে এখনো পর্যাপ্ত গভীরতা নেই। ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার মাধ্যমে বাজারের গভীরতা বাড়াতে হবে।’
তিনি আরও বলেন, আন্তর্জাতিক তহবিল ব্যবস্থাপকেরাও বাংলাদেশের প্রতি আস্থা রাখছেন। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে জেপি মরগানসহ ১৭টি বড় তহবিল ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বৈঠক করেছেন। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত সম্পদের পরিমাণ ৩৬ ট্রিলিয়ন ডলার। বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় নিয়ে তারা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন বলে জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, প্রতিটি সরকারি বিনিয়োগ ও প্রকল্প গ্রহণের ক্ষেত্রে অর্থের যথাযথ ব্যবহার, বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব বিবেচনায় নিতে হবে। প্রকল্প শেষ হওয়ার পর এর মাধ্যমে কী অর্জিত হয়েছে এবং বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত সুফল পাওয়া গেছে কি না, তা মূল্যায়নের জন্য পৃথক ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) সরকারের প্রভাবমুক্ত থেকে প্রকৃত তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি খাত, বেসরকারি উন্নয়ন সংস্থা, শিক্ষাবিদ ও পেশাজীবীদের সম্পৃক্ত করার আহ্বান জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, সরকারের প্রথম বছরটি কঠিন। তবে চতুর্থ ও পঞ্চম বছরে অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি সুনির্দিষ্ট ও দৃশ্যমান ফল দেখাতে হবে। এ জন্য সরকারি কর্মকর্তাদের আমলাতান্ত্রিক প্রক্রিয়ার গণ্ডি থেকে বেরিয়ে এসে প্রয়োজনীয় সবাইকে সম্পৃক্ত করে কাজ করতে হবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com