
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না উল্লেখ করে সারাদেশে তার নামে হারানো বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।
রবিবার (২৯ নভেম্বর) রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আজকে গত আট মাস ধরে দেখছি আমাদের সীমান্তে চক্রান্ত হচ্ছে, আমাদের নদীর পানি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই—সম্পর্ক হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, সরকারের সাথে সরকারের। কিন্তু কোনো পুতুল দলকে, কোনো নরপিশাচকে বাংলাদেশে বসিয়ে যদি বাংলাদেশকে শোষণ করার চিন্তা করে থাকে, তাহলে আগামীতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক থাকবে কিনা, বাংলাদেশের মানুষ সেই সিদ্ধান্ত নিবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমরা আজকে একটা হারানো বিজ্ঞপ্তি দিতে চাই। বাংলাদেশের ৫০০ উপজেলা, ৩৩০ পৌরসভা, ১৩টা মহানগর, ৬৪ জেলা—প্রত্যেকটা জায়গায় হারানো বিজ্ঞপ্তি দিতে চাই। আমাদের বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর হারানো বিজ্ঞপ্তিতে ছেয়ে গিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা পথে-প্রান্তর।
সারজিস বলেন, আমাদের বিএনপি সরকার, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর যদি ঘুম না ভাঙে, তাকে যদি খুঁজে না পাওয়া যায়, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী দিন। কিন্তু যেই নাটক শুরু হয়েছে, যেই জুলুম শুরু হয়েছে, যেভাবে আমাদের বিএনপির ভাইদের হত্যা করা হলো, যেভাবে মানুষের ব্যবসা-প্রতিষ্ঠান, বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে—এই সন্ত্রাসীকে প্রতিরোধ করতে হবে, রুখতে হবে। যদি না পারেন, তাহলে আমাদেরকে দায়িত্ব দিন। আমরা আমাদের জায়গা থেকে জনগণকে সাথে নিয়ে এই সন্ত্রাসকে, জঙ্গি সন্ত্রাসকে, স্বৈরাচারকে প্রতিরোধ করব ইনশাআল্লাহ।
গণমাধ্যমের প্রতি অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জ থেকে শুরু করে আশেপাশের জেলাগুলোতে অবৈধ অস্ত্র নিয়ে, রামদা, চাপাতি নিয়ে তারা দিনে-দুপুরে মানুষের ওপর রক্তাক্ত হামলা করছে। মিডিয়ায় শিরোনাম দিচ্ছে—‘লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের মিছিল’! মিডিয়ার এই কী দ্বৈততা, চোখে এই কী কাঠের চশমা, চোখে এই কী কালো চশমা? তারা ওই অবৈধ অস্ত্র দেখে না, রামদা দেখে না, চাইনিজ কুড়াল দেখে না—সবকিছুকে তারা এখন লগি-বৈঠা বলে আওয়ামী লীগকে কিছু কিছু মিডিয়া প্রাসঙ্গিক করার চেষ্টা করছে।
হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, তারা নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ আওয়ামী লীগ বলে না, পতিত আওয়ামী লীগকে পতিত আওয়ামী লীগ বলে না, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বলতে চায় না—তারা শুধুমাত্র আওয়ামী লীগ বলে শিরোনাম লেখা শুরু করেছে! আমরা এই মিডিয়াগুলোকে চিনে রাখছি। আমরা স্পষ্ট করে বলতে চাই—আগামীর বাংলাদেশে এই তরুণ প্রজন্ম প্রত্যেকটা বিষয়ের ডকুমেন্টের করচে। যারা স্বৈরাচারের পক্ষে সংবাদ উৎপাদন করবেন, যারা ভারতের দালালি করবেন, যারা টকশোর টেবিলে বসে তথাকথিত সিনিয়র সাংবাদিক, বুদ্ধিজীবী আর সুশীল সেজে ওই ভারতের দালালি করবেন, আওয়ামী লীগের পা চাটবেন—তাদেরকে এই বাংলাদেশ থেকে উচ্ছেদ করা হবে ইনশাআল্লাহ।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com