
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউনের প্রথম দিন রোববার গোপালগঞ্জের বিভিন্ন সড়কে দেশীয় অস্ত্র হাতে কিশোর ও তরুণদের উল্লাস করতে দেখা গেছে। মহাসড়কের পাশে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে নাচানাচি ও স্লোগান দেন তারা। এ সময় অনেকের হাতে লাঠি, রড, রানদা ও চাপাতির মতো দেশীয় অস্ত্র দেখা যায়।
জেলার মুকসুদপুর থেকে কোটালীপাড়া পর্যন্ত বিভিন্ন স্থানে সড়কে গাছ ফেলে ও নানা প্রতিবন্ধকতা তৈরি করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। দূরপাল্লার বাসসহ অন্যান্য যানবাহন চলাচলও বন্ধ থাকে।
আজ রোববার বিকালে বেদগ্রাম ও পূর্ব মিয়াপাড়াসহ কয়েকটি এলাকায় মহাসড়কের পাশে বড় সাউন্ড বক্স বসিয়ে গান বাজানো হয়। কিশোর-তরুণদের একটি অংশ লাঠি, রড, রানদা ও চাপাতি উঁচিয়ে নাচানাচি করে। সাউন্ড বক্সে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে গান বাজানোর পাশাপাশি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘ফিরে আসবে শেখ হাসিনা’ স্লোগান দেন তারা।
এ সময় এক স্কুলছাত্র বলে, ‘আমরা এখন আন্দোলনে আছি। শেখ হাসিনা আবার আসবে, দেশের হাল ধরবে।’ হাতে অস্ত্র রাখার কারণ জানতে চাইলে সে বলে, ‘আন্দোলন করতে নামছি, এসব থাকবে না তো কী থাকবে?’
মোস্তাফিজ নামে এক কলেজছাত্র বলেন, ‘আমাদের আপা ফিরে না আসা পর্যন্ত আমরা গোপালগঞ্জবাসী সড়কেই থাকব। পুলিশ প্রশাসন কিংবা যে-ই আসুক, আমাদের কেউ থামাতে পারবে না।’
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর টহল চললেও বিভিন্ন স্থানে তাদের বাধার মুখে পড়তে হয়। শহরের পুলিশ সুপারের কার্যালয় ও বেদগ্রাম ৭ মার্চ চত্বরসহ কয়েকটি এলাকায় টহল দিতে গিয়ে প্রতিবন্ধকতার মুখে পড়েন যৌথ বাহিনীর সদস্যরা। এসব এলাকায় দেশীয় অস্ত্র হাতে লোকজনকে প্রকাশ্যে অবস্থান করতে দেখা গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি।
যদিও বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক বার্তায় জানান, আজ রোববার দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) মোড়ে একদল লোক লাঠিসোঁটা নিয়ে অবস্থান করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলে গোপালগঞ্জে দায়িত্বপ্রাপ্ত বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খানের নেতৃত্বে একটি যৌথ টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা অবস্থানকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজিবি জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে পেশাদারত্ব, ধৈর্য ও সংযমের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত থাকবে।
লকডাউন ঘিরে রোববার বিকেল পর্যন্ত গোপালগঞ্জে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে সকাল থেকে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। কোথাও কোথাও সড়কে টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করতে দেখা যায়। সড়ক অবরোধ, দেশীয় অস্ত্র হাতে মহড়া এবং যান চলাচল বন্ধ থাকায় জেলাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com