
রাজধানীর দারুস সালাম, শেরেবাংলা নগর ও পল্লবী থানার বিভিন্ন এলাকায় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৭টা ৫৫ মিনিটের দিকে দারুস সালাম থানার গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীতে ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সামনে সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। মোটরসাইকেলে এসে এক ব্যক্তি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে পালিয়ে গেছে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন।
এদিকে রাত পৌনে ৯টার দিকে শেরেবাংলা নগর থানার আগারগাঁও স্টাফ কোয়ার্টারের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগারগাঁও স্টাফ কোয়ার্টারের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।
অন্যদিকে, রাত সোয়া ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পল্লবী থানার নাভানা টাওয়ার এবং সাংবাদিক প্লটের সামনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, ওই দুটি স্থানে পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com