• আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারে সিরাজদিখানে কর্মশালা অনুষ্ঠিত

| Peoples News ১১:৩১ অপরাহ্ণ | ১৬/০৪/২০২৬ সারাদেশ

সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে টেকসই কৃষি উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় সিরাজদিখান বাজারে আয়োজিত এ কর্মশালায় কৃষকদের মাঝে বায়োপেস্টিসাইডের সঠিক ব্যবহার, এর উপকারিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কৃষিতে রাসায়নিক নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা বলেন, বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব, একই সঙ্গে কমানো যায় মানবস্বাস্থ্যের ঝুঁকি।
সিরাজদিখান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শেখ মোতাহার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মোঃ আবু সাইদ শুভ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ আনিছুর রহমান এবং উপজেলা কৃষি অফিসের এসএপিপিও মোঃ মিজানুর রহমান। এছাড়া অনুষ্ঠানে ব্র্যাক সিডের টেরিটোরি অফিসার মোঃ লাবলু পারভেজ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এবং ব্র্যাকের ডিলার মোঃ বিল্লাল হোসেন জীবন আয়োজনটি সমন্বয় করেন।

কর্মশালায় প্রায় ৭০ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন। তাদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়ে ওঠে। অংশগ্রহণকারী কৃষকদের বায়োপেস্টিসাইডের ব্যবহারিক দিক, সঠিক প্রয়োগ পদ্ধতি এবং ফসলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

বক্তারা আরও জানান, এ ধরনের উদ্যোগ কৃষকদের সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।