• আজ ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে অপতথ্য প্রচার না করার আহ্বান

| নিউজ রুম এডিটর ৯:২৯ অপরাহ্ণ | ১৯/০৬/২০২৬ রাজনীতি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত অপতথ্য সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে বা তাঁর পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন। এ ধরনের কোনো কার্যক্রমের জন্য প্রতিমন্ত্রীর অনুমোদন বা নির্দেশনা নেই।

বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর চারজনকে নিয়ে সৃষ্ট ঘটনায় প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষ পারস্পরিক আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে এবং গ্রেপ্তারকৃত সাংবাদিক দ্রুত মুক্তি পাবেন।

একই সঙ্গে, মামলার বাদীও একজন সাংবাদিক ও বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ হওয়ায় এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। এ বিষয়ে সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ারও অনুরোধ করা হয়।

বিবৃতিতে প্রতিমন্ত্রী তাঁর সম্পর্কে প্রচারিত বিভিন্ন তথ্য নিরপেক্ষভাবে যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আন্তরিক আহ্বান জানান।

বিবৃতিটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো হয়েছে।