
ইউক্রেনের একটি বন্দরে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় চার ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক ভারতীয় নাবিক গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ জুলাই সন্ধ্যায় ইউক্রেনের ওডেসা বন্দর ছাড়ার সময় এমভি গোল্ডেন লিও নামের একটি জাহাজ হামলার শিকার হয়। হামলার সময় জাহাজটিতে পাঁচ ভারতীয় নাগরিকসহ মোট ১৭ জন নাবিক ছিলেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলায় চার ভারতীয় নাগরিক নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। ইউক্রেনে অবস্থিত ভারতীয় মিশন পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দিতে কাজ করছে।
মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহত নাবিকের দ্রুত সুস্থতা কামনা করেছে।এদিকে, বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেসামরিক নাবিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলা, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা কিংবা নৌ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এক বিবৃতিতে ভারত জানায়, এ ধরনের হামলা থেকে সব পক্ষের বিরত থাকা উচিত। বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে কৃষ্ণসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও বন্দরগুলোতে হামলার ঘটনা নিয়ে এর আগেও উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মহল।

















