
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত এবং সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সর্বত্র ছড়িয়ে পড়া রাজীব শাহের কথিত ‘ভাসমান মসজিদ’ উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও গণপূর্ত অধিদপ্তরের যৌথ অভিযানে এই বিতর্কিত স্থাপনাটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়।
বিগত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদটি নিয়ে আলোচনা চলছিল। উদ্যানের মুক্তিযোদ্ধা জাদুঘর ও নাট্যশালার মাঝামাঝি স্থানে নির্মিত মসজিদটি। সেখানে ইট দিয়ে মেঝে তৈরি করে কার্পেট ও জায়নামাজ বিছানো ছিল। ওপরে ত্রিপল টানিয়ে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। অজুর জন্য পানির ট্যাংক এবং একটি অস্থায়ী ওয়াশরুমও স্থাপন করা হয়েছিল। অভিযানের সময় সেখানে কয়েকটি কোরআন শরিফ, রেহেল, কোরআনের বাংলা অনুবাদ এবং কয়েকটি ট্রাংক পাওয়া যায়।
সোহরাওয়ার্দী উদ্যান থেকে রাজীব শাহের কথিত মসজিদ উচ্ছেদের সময় উদ্যানের ভ্রাম্যমাণ পানি বিক্রেতা ও স্থানীয়রা জানান, কয়েক মাস আগে এখানকার বাসিন্দা হন রাজীব শাহ। পরে তিনি ধান ও বেশ কিছু ফুলগাছ লাগান এবং নিজের থাকার জন্য একটি ছোট ঘরও নির্মাণ করেন। একসময় তিনি নিজ উদ্যোগে মসজিদটি তৈরি করেন।


















