• আজ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষিকার গান গাওয়াকে অন্যায় মনে করছেন না প্রতিমন্ত্রী

| নিউজ রুম এডিটর ৮:০৬ অপরাহ্ণ | ২৭/০৭/২০২৬ জাতীয়

প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকার ভিডিও প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, গান গাওয়াকে তিনি অন্যায় মনে করেন না। তিনি রবিবার বিকেলে সিলেট বিভাগের শিক্ষাকর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা জানান।

শিক্ষিকার ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, “আমি ভিডিওটি দেখিনি। কয়েকজন বলেছেন, একজন শিক্ষিকা গান গেয়ে একটি ভিডিও আপলোড করেছেন। সেখানে অশ্লীলতা নেই। গান গাওয়াকে আমি অন্যায় মনে করি না। এটা কেউ মানুক বা না মানুক, আমি অন্তত তা মনে করি না।”

প্রতিমন্ত্রী আরও জানান, তারা ক্লাস ফোর ও ফাইভে কালচারাল এডুকেশন নিয়ে আসছেন। এই শিক্ষাক্রমের মধ্যে গান, নাটক, কবিতা, কেরাতসহ সবকিছু থাকবে।

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পালের রিল ভিডিও ভাইরাল হওয়ার পর সেখানে আচরণবিধি লঙ্ঘন ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে সরকারি নির্দেশনা লঙ্ঘন হয়েছে কি না, সে বিষয়ে তদন্ত কমিটির গঠন করা হবে—এমন খবর থাকলেও তা হয়নি।

সোমবার বিকেলে সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ জানিয়েছেন, সেখানে অপরাধের কোনো বিষয় নেই। প্রতিমন্ত্রীও বিষয়টি জেনেছেন। সবকিছু মিলিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে না।

গত বৃহস্পতিবার দুপুরে বিউটি পাল নিজের ফেসবুক আইডি থেকে কয়েক সেকেন্ডের ওই রিল ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, বাংলা গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ এর সুরে বিদ্যালয় প্রাঙ্গনে শাড়ি পরে হাঁটছেন ওই শিক্ষিকা। শুরুর দিকে ভিডিওটি নিয়ে নেতিবাচক মন্তব্য করা হলেও পরবর্তীতে শিক্ষিকার পক্ষে অবস্থান নেন শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ।