
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এক পত্রে এ তথ্য জানান।
পত্রে উল্লেখ করা হয়, সামাজিক বিজ্ঞান অনুষদের পূর্ববর্তী ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. মেহেদী হাসান খান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় পদটি শূন্য হয়। ওই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুসারে অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগটি ২৭ জুলাই থেকে কার্যকর হবে এবং নির্বাচিত ডিন দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অথবা সর্বোচ্চ ৯০ দিন, যেটি আগে ঘটবে, তত দিন তিনি এই দায়িত্ব পালন করবেন। অধ্যাপক কাজী মাহবুবুর রহমান একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালকও।


















