
জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সোয়া ৩টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ঘটনায় কোনো হতাহত না হলেও অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনার পর জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং সচিব ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্পিকার। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অগ্নিকাণ্ডের কারণ ও অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও উল্লেখ করেন মো. মনির হোসেন।


















