
মানুষের জীবনে বিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে অনেকেই নানা জাঁকজমকপূর্ণ আয়োজন করে থাকেন। তবে ভারতের কেরালায় সম্প্রতি এমনই এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন দেখা গেছে, যেখানে প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ভূমিকাতেই ছিলেন যমজরা। যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের এই বিয়ে সম্পন্ন করেছেন যমজ দুই যাজক। শুধু তা-ই নয়, তাদের সহায়তায় ছিলেন আরও একজোড়া যমজ সহকারী।
গত বৃহস্পতিবার কেরালার চাঙ্গানাসেরি মেট্রোপলিটন চার্চে এই বর্ণাঢ্য বিয়ের আয়োজন করা হয়। এদিন অখিল কে থমাসের সঙ্গে বিয়ে হয় ম্যাগি মেরি থমাসের এবং অখিলের যমজ ভাই নিখিল কে থমাসের সঙ্গে বিয়ে হয় ম্যাগির যমজ বোন মারিয়া মেরি থমাসের।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, বিয়ের প্রতিটি আয়োজনে যমজদের এই অংশগ্রহণ কোনো কাকতালীয় ঘটনা ছিল না। শৈশব থেকেই যমজ বোনদের ইচ্ছা ছিল যমজ ভাইদেরই জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার। দুই পরিবারের দীর্ঘদিনের স্বপ্নের ফসল ছিল এই অনন্য বিবাহ অনুষ্ঠান। বর অখিল ও নিখিল মার্চেন্ট নেভিতে কর্মরত এবং কনেরা আইটি খাতে কাজ করছেন।
বিয়ের অনুষ্ঠানটিকে আরও স্মরণীয় করে তুলতে কনেপক্ষ বিশেষভাবে যমজ দুই যাজককে খুঁজে বের করেন। তারা হলেন ফাদার আন্তো পেজুমকাটিল ও ফাদার আজো পেজুমকাটিল। আনন্দের সঙ্গেই তারা এই বিয়ে পড়াতে রাজি হন। এ সময় বেদীতে তাদের সহযোগিতায় ছিলেন জেরন জেমস ও জোহন জেমস নামের আরও দুই যমজ ভাই।
যমজ পুরোহিতরা জানান, এমন একটি বিশেষ বিয়ের অনুষ্ঠান পরিচালনা করার অভিজ্ঞতা তাদের জীবনে এটিই প্রথম। সারাজীবন এই স্মৃতি তাদের মনে থাকবে। এছাড়া পুরো আয়োজনে যমজদের এমন দুর্লভ মেলবন্ধন উপস্থিত অতিথিদের মধ্যেও বেশ কৌতূহল ও আনন্দের সৃষ্টি করে।






















