
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি) প্রজ্ঞাপন জারি করার পর তাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান এবং রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধা পাবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন।
পোস্টে ফাহাম আব্দুস সালাম মির্জা ফখরুলের দীর্ঘদিনের সততা, দায়িত্বশীলতা এবং দেশ ও দলের প্রতি তার নিঃস্বার্থ অবদানের কথা তুলে ধরে তাকে একটি যৌথ পরিবারের দায়িত্বশীল ‘বড় ছেলে’র সঙ্গে তুলনা করেন। তিনি উল্লেখ করেন, মির্জা ফখরুল নিজের সুখ-স্বার্থ ত্যাগ করে সবসময় অনুজদের কল্যাণে আনন্দ খুঁজে পান। ব্যক্তিগত জীবনে অলসতা তার স্বভাববিরুদ্ধ এবং কর্মস্পৃহা ও ভদ্র আচরণই তার সাফল্যের চাবিকাঠি।
তৃণমূল ও দেশবাসীর প্রতি মির্জা ফখরুলের নিবেদন প্রসঙ্গে ফাহাম জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি তার আনুগত্য ছিল অতুলনীয়। ৫ আগস্টের পর সিঙ্গাপুরে এক একান্ত আলাপে মির্জা ফখরুল তাকে জানিয়েছিলেন যে, ম্যাডামকে মুক্ত করতে পারা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সফল হওয়াই ছিল তার জীবনের বড় অর্জন। ফাহাম মন্তব্য করেন, রাজনীতিতে এমন একজন অনুগত ও নিবেদিতপ্রাণ সহযোদ্ধা পাওয়া যেকোনো নেতার জন্যই সৌভাগ্যের বিষয়।
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া প্রসঙ্গে ফাহাম লিখেছেন, এটি তার জন্য একাধারে আনন্দের ও হতাশার। আনন্দের কারণ জাতি হিসেবে এমন একজন অভিভাবকসুলভ মানুষ রাষ্ট্রপতি হয়েছেন, আর হতাশার কারণ বিএনপিতে এমন একজন নিঃস্বার্থ মানুষের বিকল্প খুঁজে পাওয়া কঠিন এবং বঙ্গভবনের ঘেরাটোপে তার মতো কর্মঠ মানুষের জন্য কাজ করাটা কষ্টকর হতে পারে। কোনো মারদাঙ্গা রাজনীতি বা গ্রুপিং ছাড়াই সাধারণ মানুষ ও ভিন্ন মতাদর্শের মানুষের মাঝেও তার গ্রহণযোগ্যতা রয়েছে উল্লেখ করে ফাহাম বলেন, রাজনীতিতে সততা ও ভালো মানুষের স্থান রয়েছে, মির্জা ফখরুলের জীবন ও সংগ্রাম তারই প্রমাণ।























