• আজ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলকে নিয়ে ড. ফাহাম আব্দুস সালামের আবেগঘন স্ট্যাটাস

| নিউজ রুম এডিটর ৭:১০ পূর্বাহ্ণ | ২৪/০৮/২০২৬ অন্যান্য

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করার পর তাকে নিয়ে একটি আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। পোস্টে তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান এবং রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধা পাবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে ফাহাম আব্দুস সালাম মির্জা ফখরুলের দীর্ঘদিনের সততা, দায়িত্ববোধ এবং দেশ ও দলের প্রতি নিঃস্বার্থ অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি দীর্ঘ ২২ বছর ধরে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতার কথা উল্লেখ করে মির্জা ফখরুলকে একটি যৌথ পরিবারের দায়িত্বশীল ‘বড় ছেলে’র সঙ্গে তুলনা করেন।

পোস্টে ফাহাম লেখেন, মির্জা ফখরুল এমন একজন মানুষ যিনি নিজের সুখ-স্বার্থ বিসর্জন দিয়ে অন্যের আনন্দের মধ্যে তৃপ্তি খুঁজে পান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি তার আনুগত্য ছিল অতুলনীয়। বেগম জিয়ার মুক্তি ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে তিনি নিজের জীবনের প্রধান দায়িত্ব হিসেবে বেছে নিয়েছিলেন। গত ৫ আগস্টের পর সিঙ্গাপুরে এক একান্ত আলাপে মির্জা ফখরুল তাকে বলেছিলেন যে, খালেদা জিয়াকে মুক্ত করতে পারার এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রক্রিয়ায় তিনি সন্তুষ্ট।

ফাহাম আরও উল্লেখ করেন, বিএনপিতে মির্জা ফখরুলের মতো একজন নেতার রিপ্লেসমেন্ট পাওয়া অত্যন্ত কঠিন। তার রাষ্ট্রপতি হওয়া একদিকে যেমন আনন্দের, তেমনি অন্যদিকে হতাশারও বটে, কারণ এমন একজন অভিজ্ঞ ও সৎ মানুষের শূন্যতা দল ও দেশ অনুভব করবে। মারদাঙ্গা রাজনীতি বা অর্থের প্রদর্শন থেকে দূরে থাকা মির্জা ফখরুলের সততা ও আদর্শের রাজনীতি সবার কাছেই শ্রদ্ধার পাত্র হিসেবে তাকে পরিচিত করেছে। রাজনীতিতে ভালো মানুষের স্থান নেই— যারা এমনটা মনে করেন, তাদের ধারণা সম্পূর্ণ ভুল বলে মন্তব্য করেন এই গবেষক।