• আজ ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলকে নিয়ে ফাহাম আব্দুস সালামের আবেগঘন স্ট্যাটাস

| নিউজ রুম এডিটর ৮:১৫ পূর্বাহ্ণ | ২৪/০৮/২০২৬ অন্যান্য

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পর তাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান এবং রাজনৈতিক অঙ্গনে তার সততা, দায়িত্বশীলতা ও ত্যাগের নানা দিক তুলে ধরেন। ফাহাম উল্লেখ করেন, দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতায় মির্জা ফখরুলকে একটি যৌথ পরিবারের দায়িত্বশীল ‘বড় ছেলে’র সঙ্গে তুলনা করা যায়, যিনি নিজের সুখ বিসর্জন দিয়ে অনুজদের ভালোথাকা নিশ্চিত করতেই আনন্দ পান।

পোস্টে আরও বলা হয়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি তার আনুগত্য ছিল অতুলনীয়। বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে তিনি নিজের জীবনের প্রধান দায়িত্ব হিসেবে নিয়েছিলেন। ৫ আগস্টের পর সিঙ্গাপুরে এক একান্ত আলাপে মির্জা ফখরুল তাকে জানিয়েছিলেন যে, ম্যাডামকে মুক্ত করতে পারা এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রক্রিয়ায় তিনি সন্তুষ্ট। ফাহাম মন্তব্য করেন, বাংলাদেশের রাজনীতিতে মির্জা ফখরুলের মতো অনুগত ও নিবেদিতপ্রাণ সহযোদ্ধা পাওয়া যেকোনো নেতার জন্যই ভাগ্যের ব্যাপার। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একজন ‘সাহাবী’ পাবেন কিনা, তা নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন।

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া নিয়ে নিজের মিশ্র প্রতিক্রিয়ার কথা জানিয়ে ফাহাম লেখেন, জাতির অভিভাবক হিসেবে এমন একজন সৎ মানুষের রাষ্ট্রপতি হওয়া অত্যন্ত আনন্দের। তবে বিএনপিতে এমন একজন নেতার শূন্যতা পূরণ করা কঠিন হবে বলেও তিনি মনে করেন। কোনো ধরনের মারদাঙ্গা রাজনীতি বা ক্ষমতার লোভ ছাড়াই তিনি যেভাবে সাধারণ মানুষ ও ভিন্ন মতের মানুষের আস্থা অর্জন করেছেন, তা রাজনীতিতে সততার স্থানকে আবারও প্রমাণ করে বলে উল্লেখ করেন এই গবেষক।